যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা ট্রাম্প ৭৩ বছর বয়সে মারা গেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুলাই) নিউইয়র্ক সিটির নিজ বাড়ির সিঁড়িতে অচেতন অবস্থায় পাওয়া যায় তাকে। খবর বিবিসির।
পুলিশের একটি সূত্র বলছে, ইভানা পড়ে গিয়ে থাকতে পারেন বলে ধারণা তাদের।
ডোনাল্ড ট্রাম্প নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল এ ইভানার মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।
ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ‘ইভানা একজন চমৎকার, সুন্দর ও বিস্ময়কর নারী ছিলেন। তিনি একটি মহৎ ও অনুপ্রেরণামূলক জীবন কাটিয়ে গেছেন।’
পাঁচ সন্তানের জনক ডোনাল্ড ট্রাম্পের তিন সন্তানের মা হলেন ইভানা। তার গর্ভে জন্ম নেন ডোনাল্ড জুনিয়র, ইভাঙ্কা ও ইরিক ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প বিয়ে করেছেন তিনবার। ১৯৭৭ সালে প্রথম তিনি বিয়ে করেন চেক রিপাবলিকের মডেল ইভানাকে। তবে ১৫ বছরের মাথায় ১৯৯২ সালে তাদের বিচ্ছেদ হয়।
দ্বিতীয় স্ত্রী মার্লা ম্যাপলস। ১৯৯৩ সালে তাদের বিয়ে হয়। বিচ্ছেদ হয় ১৯৯৯ সালে।
আরও পড়ুন: স্পিকারের কাছে ইমেইলে পদত্যাগপত্র পাঠালেন গোতাবায়া
২০০৫ সালে ট্রাম্প তৃতীয় বিয়ে করেন মেলানিয়াকে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মেলানিয়া হয়েছিলেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি।
একাত্তর/আরএ