লঙ্কান প্রেসিডেন্ট পদের লড়াইয়ে এগিয়ে আছেন যারা

প্রবল জনরোষের মুখে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের পদত্যাগের পর শনিবার (১৬ জুলাই) নতুন প্রেসিডেন্ট নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে দেশটি। 

প্রেসিডেন্টের পদ শূন্য ঘোষণা করে পার্লামেন্ট মহাসচিব জানান, আগামী ২০ জুলাই দেশটিতে নতুন প্রেসিডেন্ট নির্বাচন করা হবে। 

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে আছেন চারজন। এদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী রানিল বিক্রমসিংহে ও প্রধান বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা। 


রানিল বিক্রমসিংহে

গোতাবায়া পদত্যাগের ঘোষণা দেয়ার পর বিক্রমসিংহে জানিয়েছিলেন, সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হলে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেবেন তিনি। বুধবার (১৩ জুলাই) ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন তিনি। 

২০২০ সালের পার্লামেন্ট নির্বাচনে রনিলের দল ইউনাইটেড ন্যাশনাল পার্টি (ইউএনপি) ধরাশায়ী হয়। ১৯৭৭ সালের পর প্রথমবারের মতো পার্লামেন্ট নির্বাচনে জয়ী হতে ব্যর্থ হন রনিল। মোট জাতীয় ভোটের ভিত্তিতে আসন বরাদ্দ করা হলে একটি আসন পেয়ে নির্বাচিত হয়ে ২০২১ সালের শেষ দিকে এসে তিনি আবারও সংসদ সদস্য হন। 

এবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার মতো ভোট নিজের দলে না থাকায় নির্বাচনে ক্ষমতাসীন এসএলপিপির সদস্যদের ভোটের ওপরই পুরো নির্ভরশীল তিনি।


সাজিথ প্রেমাদাসা

শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল সামাগি জন বালাওয়েগায়া'র (এসজেবি) নেতা সাজিথ প্রেমাদাসা ১২ জুলাই আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের লড়াইয়ে অংশ নেওয়ার ঘোষণা দেন। এ ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘যদিও এখন দেশ একটি সংকটময় পরিস্থিতি পার করছে, আমি নিশ্চিত যে সত্যের জয় হবে।’

একদা রনিলের শিষ্য হিসেবে পরিচিত সাজিথ প্রেমাদাসার প্রতিষ্ঠিত নতুন দল এসজেবি ২০২০ সালের নির্বাচনে বিক্রমাসিংহের দলকে তাঁদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনগুলোতে হারিয়ে দিয়ে শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। 


আনুরা কুমারা দশানায়েক 

মার্ক্সবাদী জনতা বিমুক্তি পেরামুনার (জেভিপি) নেতা আনুরা কুমারা দেশনায়েকে শনিবার আনুষ্ঠানিকভাবে নতুন প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেবেন বলে ঘোষণা দিয়েছেন।

এর কারণ হিসেবে তিনি বলেন, শ্রীলঙ্কায় বহুদিন ধরে যে জন আন্দোলন চলছে তার আশা-আকাঙ্খার প্রতিনিধিত্ব করে তার দল ও তাদের নেতা। 


দুল্লাস আলাহাপ্পেরুমা 

ক্ষমতাসীন শ্রীলঙ্কা পদুজানা পেরামুনা (এসএলপিপি) থেকে বের হয়ে যাওয়া একদল সংসদ সদস্যের নেতা আলাহাপ্পেরুমাও আছেন এই লড়াইয়ে। নতুন প্রেসিডেন্ট নির্বাচনে রানিল বিক্রমাসিংহেকে সমর্থন দিচ্ছে এসএলপিপি।

আরও পড়ুন: ইউরোপে বাড়ছে তাপমাত্রা, ছড়িয়ে পড়ছে দাবানল

সাবেক তথ্য ও গণমাধ্যম–বিষয়ক মন্ত্রী ও কলাম লেখক আলাহাপ্পেরুমাকে শ্রীলঙ্কার প্রধান বামপন্থী নেতা মনে করা হয়। ২০০৫ থেকে শ্রীলঙ্কার মন্ত্রিসভায় ছিলেন তিনি। এছাড়া শ্রীলঙ্কায় একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে সুনাম রয়েছে তার। 

ক্ষমতাসীন এসএলপিপি থেকে বের হয়ে যাওয়া একজন সদস্য হিসেবে অবস্থানের কারণে তাঁর কাজটিও কঠিন হবে বলে মনে করা হচ্ছে।


একাত্তর/এসজে