কলকাতায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটরের (ইডি) অভিযানে পশ্চিমবঙ্গের অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। এ সময় ২০টি মোবাইল ফোনসহ স্বর্ণ এবং বৈদেশিক মুদ্রাও উদ্ধার করা হয়েছে।
অর্পিতা পশ্চিমবঙ্গের তৃণমূলের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট হিসেবে পরিচিত।
শুক্রবার (২২ জুলাই) অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের কাছে হরিদেবপুরের ডায়মন্ড সিটি সাউথের বাড়ির বিছানা ও আলমারি থেকে এই টাকা উদ্ধার করা হয়। পরে স্থানীয় ব্যাংকের সহযোগিতায় গুনে প্রায় ২০ কোটি টাকা পাওয়া যায়।
ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত অর্পিতা বাংলার পাশাপাশি তামিল ও ওড়িয়া সিনেমায় অভিনেত্রী হিসেবে কাজ করেছেন। পাশাপাশি বেশ কিছু পণ্যের বিজ্ঞাপণে মডেলিং করেছেন এই অভিনেত্রী।
শুক্রবার রাতে ইডি-র ট্যুইটারে লেখা হয়, ‘পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এবং পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে বেশ কয়েকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।’
ওই টুইটে শেয়ার করা হয় চারটি ছবি। যেখানে দেখা যাচ্ছে কার্যত নগদ টাকার পাহাড় !
ইডি সূত্রে দাবি, অর্পিতার বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল তিনটি নোট গোনার মেশিন। ব্যাংক কর্মকর্তাদের ডেকে টাকা গোনার মেশিন ব্যবহার করে উদ্ধার হওয়া অর্থ গোনা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার সকালে নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী ইডি। তদন্তকারী দলের সঙ্গেই সেখানে যান কেন্দ্রীয় বাহিনী। তৃণমূল নেতার বাড়ির রক্ষীদের ফোন বাজেয়াপ্ত করে বাড়ির ভেতর তল্লাশি চলে। বাইরে মোতায়েন ছিল কলকাতার পুলিশের দল।
এসএসসি মামলায় পার্থর বাড়িতে দুর্নীতিতে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতেই ইডি অভিযান চালিয়েছে বলে জানা গেছে।
অন্যদিকে, একইদিন সকালে মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতেও ইডির পাঁচ সদস্যের দল তল্লাশি করেছে। একইসঙ্গে তল্লাশি চালিয়েছে বাগদায় চন্দন মণ্ডলের বাড়িতেও।
আরও পড়ুন: শস্য রপ্তানিতে ইউক্রেন-রাশিয়ার চুক্তি সই
সূত্রের খবর, রাজ্যের মোট ১৩ টি জায়গায় তল্লাশি চালায় ইডি। ইতিমধ্যে মামলাকারীদের জিজ্ঞাসাবাদ করে ইডি যে সকল তথ্য পেয়েছে, তাতে টাকার বিনিময়ে কম নম্বর পাওয়া ও অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের চাকরি দেওয়া হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পাশাপাশি যাদের বিরুদ্ধে টাকার বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ তাদের একাংশকে জিজ্ঞাসাবাদ করে আর্থিক লেনদেন সংক্রান্ত যে তথ্য সিবিআই পেয়েছিল তা ইডিকে দেওয়া হয়েছে।
একাত্তর/এসি