রাশিয়ার সাথে ইউক্রেনের মাইলফলক চুক্তি সই হওয়ার পর শস্য নিয়ে প্রথম জাহাজ ইউক্রেনের বন্দর ছেড়ে গেছে।
সোমবার (১ আগস্ট) সকালে জাহাজটি ওডেসা বন্দর ত্যাগ করে বলে জানিয়েছেন তুর্কিয়ে ও ইউক্রেনের কর্মকর্তারা।
জাহাজটি ছাড়ার আগে এক বিজ্ঞপ্তিতে তুর্কিয়ে জানায়, সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি লেবাননে নোঙ্গর করবে। আসন্ন কয়েকসপ্তাহ জুড়ে জাহাজটির আরও কয়েকটি চালান পরিকল্পনা করা রয়েছে।
ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর থেকেই ইউক্রেন থেকে শস্য রপ্তানিতে বাধা দিচ্ছিল রাশিয়া। তবে পুনরায় রপ্তানি চালু করতে গত মাসে একটি চুক্তি সই করে দুই দেশ।
এই চুক্তির ফলে খাদ্যশস্যের দাম কমে বৈশ্বিক খাদ্য সংকট কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
চুক্তির অধীনে ইস্তাম্বুলে স্থাপিত যৌথ সমন্বয় কেন্দ্র জানিয়েছে, জাহাজটিতে প্রায় ২৬ হাজার টন ভুট্টা রয়েছে। মঙ্গলবার সেটি পরিদর্শনের জন্য তুর্কিয়ের জলসীমায় পৌঁছানোর কথা রয়েছে।
ইউক্রেনের অবকাঠামো মন্ত্রী অ্যালেকজান্ডার কুবরাকোভ বলেন, ইউক্রেন আজ তার অংশীদারদের সাথে বৈশ্বিক ক্ষুধা নিরসনে আরেকটি পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ২১ হাজার হেক্টর জুড়ে দাবানল
ইউক্রেনের বন্দরগুলো খুলে দিলে তা দেশটির অর্থনীতিতে এক বিলিয়ন ডলারের বৈদেশিক রাজস্ব আয় যোগ করবে বলে জানান তিনি।
তিনি জানান, আগামী কয়েক সপ্তাহে আরও ১৬টি জাহাজ ওডেসা অঞ্চলের বিভিন্ন বন্দর ত্যাগ করার অপেক্ষায় রয়েছে।
উল্লেখ্য, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে শস্য রপ্তানি বিষয়ক এ চুক্তিতে মধ্যস্থতা করে জাতিসংঘ ও তুর্কিয়ে। ১২০ দিন বহাল থাকার পর দুই পক্ষ সম্মত হলে এই চুক্তি নবায়ন করা যাবে।
একাত্তর/এসজে