ইউক্রেন ছেড়েছে শস্যবাহী আরও তিন জাহাজ

জাতিসংঘ-সমর্থিত চুক্তির অধীনে কৃষ্ণসাগরে রাশিয়ার অবরোধ তুলে নেওয়ার পর ইউক্রেন ছেড়ে গেছে শস্যবাহী আরও তিনটি জাহাজ। 

শুক্রবার (৫ আগস্ট) এ তথ্য জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

এদের মধ্যে পানামার পতাকাবাহী নাভিস্টার ৩৩ হাজার টন শস্য নিয়ে ওডেসা বন্দর ছেড়ে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। 

চোরনোমর্স্ক বন্দর ছেড়েছে দুটি জাহাজ। মাল্টার পতাকাবাহী রোজেন ১৩ হাজার টন শস্য নিয়ে ব্রিটেনের দিকে এবং তুর্কি পতাকাবাহী পোলারনেট ১২ হাজার টন শস্য নিয়ে তুরস্কের দিকে রওনা হয়েছে।

এদিকে বার্বাডোস-পতাকাবাহী খালি জাহাজ ফুলমার শস্য বোঝাই করার জন্য চোরনোমর্স্ক বন্দরের দিকে যাচ্ছে। 

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে রাশিয়া তার প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালানোর পর মস্কো এবং কিয়েভ গত মাসে ইস্তাম্বুলে প্রথমবারের মতো ইউক্রেনীয় বন্দরগুলি থেকে গম ও অন্যান্য শস্যের চালান পুনরায় শুরু করতে সম্মত হয়।

আরও পড়ুন: মার্কিন সেনাবাহিনীর সাথে চীনের যোগাযোগ স্থগিত

গত ১ আগস্ট ২৬ হাজার টন ভুট্টাবোঝাই প্রথম জাহাজটি ওডেসা বন্দর থেকে লেবাননের ত্রিপোলি বন্দরের উদ্দেশ্যে রওনা হয়।

তুরস্ক, জাতিসংঘ এবং দুটি যুদ্ধরত পক্ষের কর্মকর্তাদের সমন্বয়ে একটি  আন্তর্জাতিক দল জাহাজগুলোর চলাচল তত্ত্বাবধান করছে বলে জানা গেছে।


একাত্তর/এসজে