বাংলাদেশে জ্বালানি তেলের দাম রেকর্ড বাড়ার দিনে
আন্তর্জাতিক বাজারে কমছে। শনিবার তেলের দাম ৯০ ডলারেরও নিচে পৌঁছেছে। যা গত ছয়
মাসের মধ্যে সর্বনিম্ন।
অয়েল প্রাইস ডটকম জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে দুই ধরনের অপরিশোধিত তেলই এখন ১০০ ডলারের কমে বিক্রি হচ্ছে।
ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ৮৮ ডলার ৪৩ সেন্টে বিক্রি হয়েছে। অপরদিকে ব্রেন্ট অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ৯৩ ডলার ৯৫ সেন্টে।
অন্যদিকে গত বৃহস্পতিবার বেঞ্চমার্ক ব্রেন্ড ক্রুড প্রতি ব্যারেল ২.৭৫ শতাংশ বা ২.৬৬ ডলার কমে ৯৪.১২ ডলারে বিক্রি হয়েছে, যা গত ১৮ ফেব্রুয়ারির পর সর্বনিম্ন দর।
ব্লুমবার্গের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গত এপ্রিলের প্রথম সপ্তাহের পর এবারই সব থেকে দ্রুত তেলের দাম কমছে।
আরও পড়ুন: দূর পাল্লায় ৪০ ও মহানগরীতে ৩৫ পয়সা বাস ভাড়া বাড়লো
যুক্তরাষ্ট্র ও ইউরোপজুড়ে চলছে মন্দাবস্থা। চলতি বছরের শেষে ব্যবসায়ীরা বিশ্বে মন্দার আশঙ্কা করছেন। এতে জ্বালানির চাহিদা কমবে, এমন শঙ্কার কারণেই কমছে তেলের দাম।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলেছে, দু’মাস আগেও যেখানে তেলের দাম ১২০ ডলার ছাড়িয়েছিল, এখন এতটা বেশি মাত্রায় কমার পেছনে বিশ্বমন্দার আশঙ্কা কাজ করছে।
তবে যুক্তরাষ্ট্রে জ্বালানির মজুত ভাণ্ডার প্রত্যাশার তুলনায় বেশি হওয়াই এই দরপতন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
একাত্তর/আরবিএস