আমেরিকায় ভ্যাকসিন লটারি বিজয়ী পাবেন ১০ লাখ ডলার

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে করোনার টিকা গ্রহণকারীদের জন্য লটারির আয়োজন করেছে রাজ্য সরকার। এতে বিজয়ীদের প্রত্যেককে ১০ লাখ ডলার পুরস্কার দেওয়া হবে।

বিবিসির খবরে বলা হয়েছে, মানুষকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করতেই অভিনব এ উদ্যোগ নিয়েছে ওহাইও রাজ্যের গভর্নর মাইক ডিওয়াইন।

মাইক এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ভ্যাকসিন নিয়েছেন এমন প্রাপ্তবয়স্কদের লটারিতে যোগদানের সুযোগ দেওয়া হবে। প্রতি সপ্তাহের বুধবারে লটারি করে একজন বিজয়ী ঘোষণা করা হবে। প্রথম লটারির বিজয়ীর নাম ঘোষণা করা হবে আগামী ২৬ মে। পাঁচটি লটারির প্রত্যেক বিজয়ীকে ১০ লাখ ডলার পুরষ্কার দেওয়া হবে।

কেন্দ্র সরকার করোনাভাইরাস মহামারি মোকাবেলায় যে অর্থ বরাদ্দ করেছে তার থেকে এই অর্থ ব্যয় করা হবে বলে জানান গভর্নর মাইক।

প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক প্রাপ্তবয়স্ককে টিকা দেয়া হয়েছে যুক্তরাষ্ট্রে। সেখানে মোট জনসংখ্যার ৫৮.৭০ শতাংশ মানুষ টিকা নিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেন আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের মধ্যে ৭০ শতাংশ প্রাপ্তবয়স্ককে টিকার আওতায় আনার ঘোষণা করেছেন। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে দেশটিতে টিকা নিতে আসা লোকের সংখ্যা কমছে। ভ্যাকসিন নিয়ে মানুষের দ্বিধার জন্যই এমনটা ঘটছে বলে দাবি স্বাস্থ্য কর্মকর্তাদের।

এ অবস্থায় মানুষকে টিকা নিতে উৎসাহিত করার লক্ষে নানা অঙ্গরাজ্যের সরকার নগদ অর্থ ছাড়াও বিয়ার, ডোনাট, নানা ধরনের খেলা দেখার জন্য ফ্রি টিকেট দিচ্ছে।

একাত্তর/আরএ