১৮৯৭ সালে ব্রিটিশ সৈন্যদের দ্বারা বেনিন শহর থেকে লুট করা 'বেনিন ব্রোঞ্জ' নামে পরিচিত ১২টি পিতলের ফলকসহ মোট ৭২টি প্রত্নবস্তু নাইজেরিয়ার সরকারকে ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছে লন্ডনের হর্নিম্যান মিউজিয়াম।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার (৭ আগস্ট) ইউরোপের আলোচিত এ মিউজিয়ামের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দক্ষিণ-পশ্চিম নাইজেরিয়ায় অবস্থিত বেনিন রাজ্যে ১৬ শতকের দিকে পিতল এবং ব্রোঞ্জ দিয়ে নানা শিল্পকর্ম তৈরি হতো। বেনিন ব্রোঞ্জ হলো সাংস্কৃতিকভাবে আফ্রিকার উল্লেখযোগ্য নিদর্শনগুলির মধ্যে একটি।
নাইজেরিয়ায় ব্রিটিশ সামরিক আগ্রাসনের সময় এমন হাজার হাজার শিল্পকর্ম জব্দ করা হয় এবং ইউরোপ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যাদুঘরে পাচার করা হয়েছিল।
আফ্রিকার দেশগুলো বছরের পর বছর ধরে অনুসন্ধানকারী এবং উপনিবেশকারীদের দ্বারা লুণ্ঠিত শিল্পকর্ম পুনরুদ্ধারের জন্য লড়াই করেছে। অন্যদিকে পশ্চিমা প্রতিষ্ঠানগুলো ঔপনিবেশিকতার সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষা করে চলেছে।
জার্মান কর্তৃপক্ষ গত মাসে প্রথমবারের মতো এক হাজার একশ'টিও বেশি অমূল্য ভাস্কর্য নাইজেরিয়াতে ফেরত দিয়েছে।
লন্ডনের হর্নিম্যান মিউজিয়াম কর্তৃপক্ষ জানায়, নাইজেরিয়ার জাতীয় জাদুঘর ও স্মৃতিস্তম্ভের কমিশন (এনসিএমএম) বছরের শুরুতে প্রত্নবস্তুগুলো ফেরত দেওয়ার অনুরোধ করেছিল।
হর্নিম্যান মিউজিয়াম অ্যান্ড গার্ডেনের ট্রাস্টিদের চেয়ার ইভ স্যালোমন বলেন, প্রমাণ খুবই স্পষ্ট যে এই বস্তুগুলো বলপ্রয়োগের মাধ্যমে অধিগ্রহণ করা হয়েছিল। ফলে জিনিসগুলো তার প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া নৈতিক এবং উপযুক্ত পদক্ষেপ।
তবে মিউজিয়াম সংশ্লিষ্টরা বলছেন, এসব ফেরত দেয়ার ফলে ব্রিটিশ মিউজিয়ামের উপর চাপ বাড়াতে পারে। কারণ, এই মিউজিয়ামের সবচেয়ে বড় এবং সবচেয়ে উল্লেখযোগ্য সংগ্রহের মধ্যে বেনিন ব্রোঞ্জ অন্যতম।
একাত্তর/আরবিএস