ক্রিমিয়া অঞ্চলকে মুক্ত করার মাধ্যমেই চলমান ইউক্রেন যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়া উপদ্বীপটির একটি বিমানঘাঁটিতে একাধিক বিস্ফোরণের পর তিনি একথা বলেন। তিনি বলেন, ক্রিমিয়াকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে।
বিস্ফোরণের বিষয়টি জেলেনস্কি উল্লেখ করেননি। তবে মঙ্গলবার রাতে তিনি ক্রিমিয়া উপদ্বীপ নিয়েই অনেক কথা বলেন। তিনি বলেন, ক্রিমিয়া ইউক্রেনের এবং আমরা এটি ছাড়বো না।
রাশিয়া এই বিস্ফোরণের ব্যাপারে তেমন উচ্চবাচ্য করছে না। বলেছে, গোলাবারুদ বিস্ফোরণ হয়েছে। অন্যদিকে ইউক্রেনের শীর্ষ এক উপদেষ্টা এই বিস্ফোরণের দায় অস্বীকার করেছেন।
জেলেনস্কি তার ভাষণে বলেন, আমরা ভুলে যাব না ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ শুরু হয়েছিলো ক্রিমিয়া দখলের মধ্য দিয়ে। ক্রিমিয়ার মুক্তির মধ্য দিয়েই তা শেষ হবে।
ক্রিমিয়া আনুষ্ঠানিকভাবে ইউক্রেইনের হলেও, ২০১৪ সালে এক গণভোটের পর থেকে রাশিয়া উপদ্বীপটি নিজেদের দখলে রেখেছে।
আরও পড়ুন: আসতে শীতে লোডশেডিংয়ের পরিকল্পনা করছে ব্রিটেন
মঙ্গলবার (৯ আগস্ট) পশ্চিম ক্রিমিয়ার নোভোফেদোরিভকা স্যাকি সামরিক ঘাঁটির কাছে কয়েকটি বিস্ফোরণ ঘটে। সৈকতের কাছাকাছি এই এলাকাটি রুশ পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।
বিস্ফোরণে এক নিহত ও আটজন আহত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের সময় সৈকতে আসা লোকজন দৌড়াচ্ছেন।
একাত্তর/আরএ