আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ পারওয়ানে আকস্মিক বন্যায় অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাখতার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, রোববার কাবুলের উত্তরে প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, মৃতদের মধ্যে বেশ কয়েকজন শিশু রয়েছে। এখনও নিখোঁজ রয়েছে অনেকে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার একর জমি ও রাস্তা। এছাড়া মারা গেছে বহু গবাদি পশু।
পারওয়ানের তিনটি জেলা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এক শতাধিক বাড়ি আংশিক বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, একজন কর্মকর্তার বরাত দিয়ে জার্মান ডিপিএ বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।
কাপিসা, পাঞ্জশির ও নানগারহারসহ অন্যান্য প্রদেশও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাপিসার তথ্য ও সংস্কৃতি বিষয়ক পরিচালক করিমুল্লাহ ওয়াসিক ডিপিএ'কে বলেন, পরিস্থিতি গুরুতর। আমরা জাতীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আরেকটি মানবিক বিপর্যয় রোধে জরুরি সহায়তা প্রদানের দাবি জানাচ্ছি।
দেশটির ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি বলছে, ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর জন্য তাত্ক্ষণিক আর্থিক সহায়তা এবং খাদ্য প্যাকেজ সরবরাহ করা হয়েছে।
আরও পড়ুন: উত্তরার দুর্ঘটনায় চালক ও ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা
স্থানীয় আবহাওয়া কর্মকর্তারা আফগানিস্তানের ৩৪টি প্রদেশে আগামী দিনে আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন।
মৌসুমী বন্যা আফগানিস্তানে প্রতি বছর ঘরবাড়ি, কৃষি জমি এবং অবকাঠামোর ক্ষতি করে। পাহাড়ে ঘেরা উত্তরের প্রদেশগুলো প্রায়ই ভারী বৃষ্টির কারণে বন্যার সাক্ষী থাকে।
গত মাসে আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৪০ জনের মৃত্যু হয়েছে।
একাত্তর/আরবিএস