যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডের আবেদন করলেন গোটাবায়া

বিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালানো শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেতে আবেদন করেছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) লঙ্কান দৈনিক ডেইলি মিরর জানিয়েছে, স্ত্রী ও পুত্রকে সঙ্গে নিয়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী হতে চান গোটাবায়া। গত মাসেই তিনি এই প্রক্রিয়া শুরু করেছেন বলেও জানা গেছে।

ডেইলি মিরর জানায়, গোটাবায়ার স্ত্রী লোমা রাজাপাকসের মার্কিন নাগরিকত্ব রয়েছে। আর সেই সুযোগ কাজে লাগিয়ে সেখানে গ্রিন কার্ডের জন্য আবেদন জানিয়েছেন গোটাবায়া রাজাপাকসে।

এর আগে তার নিজেরও মার্কিন নাগরিকত্ব থাকলেও ২০১৯ সালে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে নিজের মার্কিন নাগরিকত্ব ছেড়ে দেন গোটাবায়া।

শ্রীলঙ্কার সেনাবাহিনী থেকে আগাম অবসর নিয়ে তথ্যপ্রযুক্তিতে কাজ শুরু করেন গোটাবায়া। পরে ১৯৯৮ সালে তিনি যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে চলে যান। ২০০৫ সালে পুনরায় শ্রীলঙ্কায় ফেরেন তিনি।

৭৩ বছর বয়সী গোটাবায়া রাজাপাকসে বর্তমানে সস্ত্রীক ব্যাংককের একটি হোটেলে রয়েছেন। অন্তত নভেম্বরের শেষ পর্যন্ত থাইল্যান্ডে থাকার পরিকল্পনা থাকলেও তা বাতিল করে আগামী বৃহস্পতিবার (২৫ আগস্ট) শ্রীলঙ্কায় ফেরার কথা রয়েছে তার।

ডেইলি মিরর জানায়, থাইল্যান্ডে স্বাধীনভাবে চলাফেরার সুযোগ পাওয়া যাবে বলে ভেবেছিলেন গোটাবায়া। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে তা না হওয়ায় আইনজীবীদের পরামর্শে এই মাসের শেষ দিকে শ্রীলঙ্কায় ফেরার সিদ্ধান্ত নেন তিনি।

ব্যাংকক পৌঁছানোর পর থাই পুলিশ নিরাপত্তা জনিত কারণে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেন। তার অবস্থান করা হোটেলের অবস্থানও স্পষ্ট করা হয়নি। সাদা পোশাকে থাই পুলিশ সদস্যরা তার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন বলেও জানা গেছে।


একাত্তর/জো