সোমালিয়ায় হোটেলে আল-শাবাবের হামলা, নিহত ১০

সোমালিয়ার রাজধানী মোগাদিসুর একটি হোটেলে জঙ্গি সংগঠন আল-শাবাবের হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির নিরাপত্তা কর্মকর্তারা। 

শুক্রবার (১৯ আগস্ট) হোটেল হায়াতের ভবনের বাইরে জঙ্গিরা দুটি বিস্ফোরণ ঘটিয়ে ভবনের ভেতর প্রবেশ করে। এরপর তারা ভেতরে থাকা লোকজনের ওপর গুলি চালায় বলে জানিয়েছে পুলিশ।

সোমালিয়ার সরকারি কর্মকর্তাদের বৈঠকের জন্য হোটেল হায়াত একটি জনপ্রিয় স্থান।  

এক পুলিশ কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, হোটেল হায়াতকে লক্ষ্য করে দুটি গাড়িবোমা বিস্ফোরিত হয়। এর মধ্যে একটি হোটেলের বাইরে দেয়ালে ও আরেকটি হোটেলের গেটের কাছে বিস্ফোরিত হয়। 

হামলার কয়েক ঘণ্টা পরে হামলাকারীরা হোটেলের ওপরের তলায় লুকিয়ে ছিল বলে জানা গেছে। 

পরে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে হোটেলের বেশ কয়েকজন অতিথি ও কর্মকর্তা-কর্মচারীকে উদ্ধার করে। 

আরও পড়ুন: সুইডেনে শপিংমলে বন্দুক হামলায় নিহত এক

দেশটির নিরাপত্তা বাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আবদি কাদির জানিয়েছেন, হোটেলের ভেতরে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের প্রতিরোধ করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। হোটেলের ভেতর থেকে বেশিরভাগ লোকজনকে উদ্ধার করা হলেও, এখন পর্যন্ত আটজনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি। 

এর আগে আল-শাবাবের সাথে সম্পৃক্ত একটি ওয়েবসাইটে বলা হয়, জঙ্গিরা 'জোরপূর্বক হোটেলে প্রবেশ' করে 'এলোপাথাড়ি গুলি চলাচ্ছে।' 

একাত্তর/এসজে