ক্রেতার খাবার খেয়ে হাড়গোড় দিলো ডেলিভারিম্যান

অনলাইনে খাবার কিনে খাওয়া শুরুর দিকে জনপ্রিয়তা না পেলেও কর্মব্যস্ত জীবনে দিনকে দিন এই সেবা জনপ্রিয় হয়ে উঠছে। খাবার ডেলিভারি সেবার সংখ্যাও বাড়ছে। 

বাড়িতে বসে রেস্তোরাঁ কিংবা কোন পাচকের খাবার খেতে এখন অনেকেই অনলাইনে অর্ডার করছেন। কিন্তু অর্ডার করা খাবার যদি ডেলিভারিম্যান খেয়ে ফেলে না হলে কেমন হয়?

হতবিহ্বল হয়ে পড়ার এমন ঘটনাও ঘটেছে। এক ক্রেতা খাবার অর্ডার করে অপেক্ষায় আছেন। এক সময় খাবার ডেলিভারিও হলো। কিন্তু প্যাকেট খুলে দেখলেন ভেতরে খাবার নেই। ঠিক এমনই এক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ড্যামিয়েন স্যান্ডার্স নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী। তিনি তার অভিনব অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন সম্প্রতি। 

স্যান্ডার্স বলেছেন, তিনি সম্প্রতি মুরগির ডানা বা চিকেন উইংসের সাথে পানীয় ও চিপস অর্ডার করেছিলেন। কিন্তু চিকেন উইংসের বদলে পেয়েছেন কেবল হাড়, আর সাথে একটি চিরকুট। 

নিজের ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে তিনি আরও জানান, ঠাণ্ডা পানীয় ঠিকঠাক এলেও চিপসের প্যাকেট ছিলো ফাঁকা। আর, চিকেন উইংসের জায়গায় পড়ে ছিলো মুরগির হাড়। 

তবে খাবারের ব্যাগে একটি হাতে লেখা চিঠি ছিলো। ডেলিভারিম্যান নিজের নামে লেখা সেই চিঠিতে বলেছেন, আমাকে ক্ষমা করবেন, আমি আপনার খাবার খেয়ে ফেলেছি।

খাবার দিতে আসা সেই ব্যক্তি আরো লেখেন, খিদের চোটে তার পেট চোঁ চোঁ করছিল। কিন্তু তার কাছে কোন টাকা না থাকায় তিনি খাবারগুলো খেয়ে ফেলেছেন। 

ডেলিভারিম্যান আরও জানান, তিনি শিগগিরই চাকরি ছেড়ে দেবেন। এ ছাড়া খাবার খাওয়ানোর জন্য চিঠির শেষে ড্যামিয়েনের জন্য দোয়াও করেছেন তিনি। 

ড্যামিয়েন স্যান্ডারর্স পুরো ঘটনায় খুব রেগে গেলেও, অনেকেই ডেলিভারিম্যানের প্রতি সমবেদনা জানিয়েছেন। অনুরোধ করেছেন তাকে ক্ষমা করে দেয়ার জন্য। 



একাত্তর/এআর