রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে রাশিয়া, বেলারুশ এবং মিয়ানমারের
কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্স একথা জানিয়েছে।
ইউক্রেনে রাশিয়া আকস্মিক হামলা চালানোয় ব্রিটেন ও এর পশ্চিমা মিত্র দেশগুলো রাশিয়ার মিত্র বেলারুশকে অর্থনৈতিক নিষেধাজ্ঞাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে।
এছাড়া, রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর নির্যাতন, নিপীড়ন, নির্বিচারে হত্যা এবং তাদের দেশত্যাগে বাধ্য করায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারও ব্রিটেনের নিষেধাজ্ঞার কবলে পড়েছে।
এ ছাড়া নির্বাচিত সু চি সরকারকে ক্ষমতাচ্যুত করায় মিয়ানমারের জান্তা সরকারের কর্মকর্তাদের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা জারি রয়েছে।
এসব কারণে রাশিয়া, বেলারুশ বা মিয়ানমারের কোনো প্রতিনিধি রানির শেষকৃত্যে অংশ নিতে পারবেন না। এনিয়ে এই তিন দেশ এখন পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানায়নি।
সোমবার লন্ডনে রানির শেষকৃত্যে ৫০০ জনের বেশি বিদেশি অতিথি উপস্থিত
থাকবেন। এরই মধ্যে বিশ্বের অধিকাংশ দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন: জম্মু কাশ্মীরে গভীর খাদে বাস, নিহত ৯ ও আহত ২৭
এ অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি জিল বাইডেন এবং কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীরা অনুষ্ঠানে উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন।
যুক্তরাজ্যের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, এমন সব দেশের নেতাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। এর মধ্য দিয়ে রানির শেষকৃত্য ঘিরে দেশটিতে বৃহৎ কূটনৈতিক জমায়েত হতে যাচ্ছে।
একাত্তর/আরবিএস