দুই দলিত বোনকে ধর্ষণ-খুনের পর মরদেহ ঝুলিয়ে দেয়ার অভিযোগ

ভারতের উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলায় একই গাছের সাথে ঝুলন্ত অবস্থায় দলিত পরিবারের দুই কিশোরী বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, ওই দুই বোনকে অপহরণ ও ধর্ষণের পর খুন করে তাদের মরদেহ গাছে ঝুলিয়ে দেয়া হয়েছে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিঘাসন থানা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দুই কিশোরীর বয়স ১৫ আর ১৭ বছর। 

স্থানীয় গ্রামবাসী আর নিহতদের পরিবার বলছে, তিন ব্যক্তি কিশোরীদের ধর্ষণ করে খুন করে, পরে গাছের ডালে মরদেহ দুটি ঝুলিয়ে দেয়।

পুলিশ এ পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তবে অপহরণের যে অভিযোগ পরিবারটি তুলেছে, তা মানতে চাইছে না পুলিশ।

লখিমপুর খেরি জেলার পুলিশ সুপারিন্টেডেন্ট সঞ্জীব সুমন এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই দুই বোনকে অভিযুক্তরা অপহরণ করেনি। মূল অভিযুক্ত ছেলেটি এই দুই বোনের বাড়ির কাছেই থাকে। তাদের ফুঁসলিয়ে একটা ক্ষেতে নিয়ে যাওয়া হয়েছিল।

তিনি আরও জানান, ওই ছেলেটিই আরও তিনটি ছেলের সঙ্গে এই দুই কিশোরীর আলাপ করিয়ে দিয়েছিল। এই চারজন ছাড়া বাকি যে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ আছে।

আরও পড়ুন: পুতিন-মোদি বৈঠক শুক্রবার

লক্ষ্ণৌ রেঞ্জে পুলিশের আইজি লাক্সমি সিং জানিয়েছেন, লখিমপুর খেরির ঘটনায় প্রাথমিক তদন্তে জানা গেছে দুই কিশোরীর মৃতদেহ দুটি তাদেরই পরনের ওড়না দিয়ে ঝুলছিল। তাদের মরদেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। তবে ময়নাতদন্তের পরে বিস্তারিত জানা যাবে।

ঘটনাটি সামনে আসার পরেই এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন। তারা বিক্ষোভ প্রদর্শন করে সব অভিযুক্তদের গ্রেপ্তার করার দাবি জানান। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে ওই এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

একাত্তর/এসজে