তাজিকিস্তানের সাথে সীমান্ত এলাকায় 'তুমুল যুদ্ধে' এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কিরগিজস্তান।
শনিবার (১৭ সেপ্টেম্বর) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ত্রবিরতি চলমান থাকা অববস্থায় বিরোধপূর্ণ একটি এলাকায় নতুন করে সংঘর্ষ শুরু করার জন্য একে অপরকে দুষছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দুই দেশ।
এক বিবৃতিতে কিরগিজ সীমান্ত বাহিনী জানিয়েছে, তাদের সৈন্যরা তাজিক আক্রমণ প্রতিহত করে চলেছে।
সেখানে বলা হয়েছে, তাজিকিস্তানের দিক থেকে কিরগিজস্তানের ওপর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে, এবং কিছু কিছু এলাকায় তুমুল সংঘর্ষ চলছে।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত তাজিকিস্তানের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
কিরগিজ স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, এখন পর্যন্ত এ সংঘর্ষে ২৪ কিরগিজ নাগরিক নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। তবে তাদের মধ্যে কতজন সামরিক বাহিনীর সদস্য তা জানানো হয়নি।
তবে, কিরগিজ জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান কামচিবেক তাশিয়েভের বরাতে আরেক রুশ বার্তাসংস্থা রিয়া জানিয়েছে, সংঘর্ষে ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, কিরগিজস্তানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সংঘাতপূর্ণ এলাকা থেকে এখন পর্যন্তও প্রায় এক লাখ ৩৬ হাজার বেসামরিক নাগরিককে সরিয়ে নেয়া হয়েছে।
উল্লেখ্য, মধ্য এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে সীমান্ত সংঘাত সাধারণত সোভিয়েত আমলের ফসল। মস্কো এই অঞ্চলকে বিভিন্ন দলের মধ্যে ভাগ করার চেষ্টা চালিয়েছিল, যেখানে অনেক ছোট ছোট গোষ্ঠীর জমি পড়েছিল অন্য গোষ্ঠীর সীমানার মধ্যে। সেখান থেকেই মূলত এই সংঘাতের সূত্রপাত।
একাত্তর/এসজে