জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা কাগোশিমায় টাইফুন 'নানমাডল' সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অফিস। এরইমধ্যে ওই অঞ্চলের কয়েক হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, কাগোশিমার দিকে "নজিরবিহীন" ঝড় এগিয়ে আসছে।
এক বিবৃতিতে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী রোববার (১৮ সেপ্টেম্বর) শক্তিশালী টাইফুন নানমাডল কাগোশিমায় আছড়ে পরতে পারে এবং এর আশেপাশের এলাকায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হতে পারে।
এ সময় সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়া ভূমিধস ও বন্যার শঙ্কাও রয়েছে সেখানে।
এই ধরনের জরুরি সতর্কতা তখনই জারি করা হয় যখন কোনো অঞ্চলে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে বা সেরকম শঙ্কা তৈরি হয়।
টাইফুন নানমাডল ঘণ্টায় ১৯৮ কিলোমিটার থেকে সর্বোচ্চ ২৭০ কিলোমিটার বেগে ছুটছে। আগামী সোমবার জাপানের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।
সংস্থাটি বলেছে, দক্ষিণ কিউশুতে আগামী ২৪ ঘণ্টায় অর্থাৎ শনিবার থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে পশ্চিম ও মধ্য জাপানের শিকোকু এবং টোকাই অঞ্চলে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে।
রোববার থেক কিউশু অঞ্চলে একাধিক ট্রেন ও পণ্য সরবরাহ পরিষেবা স্থগিত করা হয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, কাগোশিমা প্রশাসনিক অঞ্চলটি জাপানের কিউশু দ্বীপে অবস্থিত একটি প্রশাসনিক অঞ্চল। এর রাজধানী কাগোশিমা নগর। আর কিউশু হলো জাপানের তৃতীয় বৃহত্তম দ্বীপ এবং জাপানের চারটি দ্বীপের মধ্যে সবচেয়ে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
একাত্তর/আরবিএস