ভূমিকম্প বার্ষিকীতে আবারও কেঁপে উঠলো মেক্সিকো

মেক্সিকোতে সোমবার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ১৯৮৫ এবং ২০১৭ সালে ঠিক একই তারিখে দেশটিতে আঘাত হানে আরও দুটি বড় ভূমিকম্প। 

মেক্সিকান সিসমোলজিস্টরা জানিয়েছেন, স্থানীয় সময় সোমবার রাত ১টার একটু পর দেশটির পশ্চিমাঞ্চলীয় উপকূলের কাছে কোলিমা রাজ্যের পাশে মিচোয়াকানের সীমান্তবর্তী এলাকায় এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪।

অন্যদিকে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজি) বলছে, এ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৬ এবং সুনামির শঙ্কা রয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মাটির ১৫ কিলোমিটার গভীরে।

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর একটি ভিডিও বার্তায় বলেছেন, প্যাসিফিক বন্দর মানজানিলোতে একটি দোকানের দেয়াল ধসে একজন ব্যক্তি নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী শহরের বড় ভবনগুলো থেকে মানুষকে সরে যেতে বলা হয়েছে। রাজধানীর কিছু অংশে কিছুক্ষণের জন্য বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় এবং কিছু সড়কের ট্রাফিক ব্যবস্থা কাজ করা বন্ধ করে দেয়।

মেক্সিকোর ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্পের বার্ষিকীতেই আবার কেঁপে উঠলো দেশটি। ১৯৮৫ সালের ১৯ সেপ্টেম্বর, দেশটির রাজধানীতে ৮ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে পাঁচ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়। 

আরও পড়ুন: টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত পেসার রুবেলের

এছাড়া ২০১৭ সালে একই তারিখে আরেকটি ভূমিকম্পে দুইশ'র বেশি প্রাণহানি হয় এবং এক হাজার তিনশ' জন আহত হয়েছিল৷

মেক্সিকো তথাকথিত প্যাসিফিক রিং অফ ফায়ারে রয়েছে, যা আগ্নেয়গিরি এবং টেকটোনিক কার্যকলাপের ব্যস্ততম এলাকা। এটি আমেরিকা মহাদেশের বেশিরভাগ পশ্চিম উপকূল এবং এশিয়ার বেশিরভাগ পূর্ব প্রান্ত এবং কিছু প্রশান্ত মহাসাগরীয় দ্বীপকে অন্তর্ভুক্ত করে বেশ কয়েকটি মহাদেশে বিস্তৃত।


একাত্তর/আরবিএস