পারমাণবিক কেন্দ্রে মস্কোর রকেট হামলা, দাবি ইউক্রেনের

ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়া রকেট হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। 

ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি এনারগোঅটম জানিয়েছে, সোমবার ইউক্রেনের দক্ষিণ মাইকোলাইভ প্রদেশের পিভডেনউক্রেইনস্ক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে মাত্র ৩০০ মিটার দূরে রুশ রকেট আঘাত হানে।

দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক কর্তৃপক্ষ বলছে, রকেট হামলার ফলে বিস্ফোরণে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় বিদ্যুৎ সরবরাহ। 

এ দাবির পক্ষে হামলার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

তবে এনারগোঅটম বলছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটির তিনটি পাওয়ার ইউনিটই স্বাভাবিকভাবে কাজ করছে। সৌভাগ্যক্রমে স্টেশন কর্মীদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

হামলায় পাওয়ার প্লান্ট কমপ্লেক্সের বিদ্যুৎ ভবনের কাছাকাছি একটি জলবিদ্যুৎ কেন্দ্রের ট্রান্সমিশন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, হানাদাররা (রাশিয়া) আবার গুলি করতে চেয়েছিল, কিন্তু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র কি তা তারা ভুলে গেছে। 

আরও পড়ুন: প্রিন্স ফিলিপের পাশে চিরনিদ্রায় রানি এলিজাবেথ

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জেলেনস্কি আরও বলেন, রাশিয়া সমগ্র বিশ্বকে বিপন্ন করে তুলছে। অনেক দেরি হওয়ার আগেই আমাদের এটি বন্ধ করতে হবে। 

যদিও রুশ কর্তৃপক্ষ এ অভিযোগের প্রতিক্রিয়ায় কোনো মন্তব্য করেনি। 

এর আগে ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়ায় হামলা চালানোর অভিযোগ আনে ইউক্রেন। কিন্তু সেবারও হামলার কথা অস্বীকার করে রাশিয়া। 


একাত্তর/আরবিএস