দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার আগে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করেছে উত্তর কোরিয়া।
রোববার (২৫ সেপ্টেম্বর) সিউলের সামরিক সূত্রে এ কথা জানা গেছে।
দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ার জন্যে মার্কিন বিমানবহীন রণতরী এসে পৌঁছানোর কয়েকদিনের মধ্যে উত্তর কোরিয়া এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপ করলো।
শনিবার (২৪ সেপ্টেম্বর) দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় দাবি করেছে, আগেভাগেই ডুবোজাহাজ থেকে উত্তর কোরিয়ার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়ার প্রস্তুতির বিষয়টি শনাক্ত করতে পেরেছিল তারা।
এ ধরনের ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়া সর্বশেষ মে মাসে উৎক্ষেপণ করে।
সিউলের জয়েন্ট চিফ অব স্টাফ বিস্তারিত উল্লেখ না করে বলেছে, উত্তর কোরিয়া পূর্ব সাগরে একটি অজ্ঞাত ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।
আরও পড়ুন: বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি রাইসির
টোকিও’র প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যের উদ্ধৃতি দিয়ে জাপানের উপকূল রক্ষী বাহিনীও ক্ষেপণাস্ত্র ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করেছে।
এদিকে, শুক্রবার পরমাণু শক্তি সম্পন্ন ইউএসএস রোনাল্ড রিগ্যান ও সংশ্লিষ্ট জাহাজগুলো বুসান বন্দরে ভিড়েছে। চলতি মাসে দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে এগুলো যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে।