দক্ষিণ কোরিয়ায় একটি শপিংমলে আগুন লেগে কমপক্ষে সাত জনের মৃত্যু
হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ৯০টি ইউনিটের পাঁচ শতাধিক ফায়ার সার্ভিস কর্মী
কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বেসমেন্টে থাকা একটি বৈদ্যুতিক গাড়ির বিস্ফোরণ থেকে আগুন লেগেছে। তবে প্রকৃত কারণ জানতে এরিমধ্যে অনুসন্ধান শুরু হয়েছে।
রাজধানী সিউল থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে দেজন শহরে হুন্দাই প্রিমিয়াম আউটলেট নামে একটি শপিংমলে আগুন লাগে। দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান কয়েকজন।
দমকলকর্মীরা পৌঁছে আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেন। মলের আন্ডারগ্রাউন্ড পার্কিং লটের প্রথম বেসমেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়।
ওই সময় বেসমেন্টে আট শ্রমিক কাজ করছিলেন। আগুনে দগ্ধ হয়ে তাদের মধ্যে সাত জনই মারা যান। তারা শপিংমলের ডেলিভারি, পরিচ্ছন্নতাসহ বিভিন্ন বিভাগে কাজ করতের।
ভবনে আটকেপড়া সাধারণ মানুষকে বের করে আনার চেষ্টা করা হচ্ছে। এছাড়া আগুনের সময় আশপাশের এলাকা থেকে শতাধিক ব্যক্তিকে সরিয়ে নেয়া হয়।
আরও পড়ুন: কক্সবাজারে অচেনা পাখি পিঠে মিললো ডিজিটাল ডিভাইস!
শপিংমলের ১১০ জনেরও বেশি কর্মী এবং কাছের এক হোটেল অতিথিদের সরিয়ে নেওয়া হয়। কর্মকর্তারা জানান, আগুনের ফলে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারতো যদি, মলের কেনাকাটার সময় আগুন ছড়িয়ে পড়ত। দুর্ঘটনার সময় শপিংমলটি বন্ধ ছিলো।
আগুন লাগার কারণ খতিয়ে দেখছে ফায়ার সার্ভিস ও পুলিশ। প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃত করে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বেসমেন্টে একটি বৈদ্যুতিক গাড়ি চার্জ করা হচ্ছিলো। সেই গাড়ির বিস্ফোরণ থেকেই আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একাত্তর/আরবিএস