শুধু ব্লাক ফাঙ্গাসই নয়, পরিস্কার পরিচ্ছন্নতা শরীরকে অনেক ধরণের রোগ থেকে দূরে রাখতে পারে বলে আবারো জোর দিয়েছেন ভারতের চিকিৎসা বিজ্ঞানীরা। সেই সঙ্গে সতর্ক করে দিয়ে বলেছেন, নোংরা ও অপরিচ্ছন্ন মাস্ক থেকেও হতে পারে ব্লাক ফাঙ্গাসের সংক্রমণ।
অল ইন্ডিয়া ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্স- এআইআইএমএস এর স্নায়ুবিদ্যা বিভাগের অধ্যাপক চিকিৎসক পি শরৎচন্দ্র ভারতের গণমাধ্যমকে জানিয়েছেন, এক মাস্ক যদি অনেকদিন না ধুয়ে পড়া হয় তবে এতে ফাঙ্গাস জন্মানোর সুযোগ থাকে।
তিনি বলেন, “অনেকেই ২-৩ সপ্তাহের বেশি সময় না ধুয়ে একই মাস্ক ব্যবহার করে যান। তার থেকেও ছড়াতে পারে এই সংক্রমণ”।
এই বিশেষজ্ঞ জানান, অপরিচ্ছন্ন ও আর্দ্র পরিবেশে জন্মায় মিউকোরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাস। একই মাস্ক বেশিদিন ব্যবহার করলে তাতেও জন্ম নিতে পারে এই মারণ ছত্রাক।
তাই মাস্ক পুনর্ব্যবহারযোগ্য হলে তা কেচে পরিষ্কার করতে হবে। আর ‘ইউজ অ্যান্ড থ্রো’ মাস্ক হলে দু’ সপ্তাহের পরেই বদলে ফেলতে বলেছেন তিনি।
দেশটির অন্যান্য বিশেষজ্ঞেরাও বলছেন, একই মাস্ক বেশিদিন ব্যবহার করলে তাতে ঘাম জমে নোংরা অস্বাস্থ্যকর হয়ে যায়। সেই মাস্ক পরলে তো বটেই এমন সেই মাস্ক ঘরে রাখা থাকলে তা থেকেও সংক্রমণ ছড়াতে পারে।
একাত্তর/এআর