যুক্তরাষ্ট্রের সাথে যৌথ মহড়ার সময় একটি ক্ষেপণাস্ত্রের ব্যর্থ উৎক্ষেপণের পর জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় ক্ষমা প্রার্থনা করেছে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী।
বুধবার (৫ অক্টোবর) ভোরে বিস্ফোরণের শব্দ শোনার ও আগুন দেখতে পাওয়ার কথা জানান গ্যাংনিউং শহরের বাসিন্দারা।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে সেনাবাহিনী। তবে, ব্যর্থ উৎক্ষেপণের কথা তারা স্বীকার করেছে ঘটনার সাত ঘণ্টা পর।
মঙ্গলবার (৪ অক্টোবর) ভোরে উত্তর কোরিয়া জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। এর প্রতিবাদে জাপান সাগরে চারটি পাল্টা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র।
২০১৭ সালের পর এই প্রথমবারের মতো জাপানের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুঁড়লো উত্তর কোরিয়া।
তবে পরে দক্ষিণ কোরিয়া জানায়, তাদের নিক্ষেপ করা হিউনমু-২ নামের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কিছুক্ষণ পরই ধ্বংস হয়ে যায়। তবে এটি যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ছোঁড়া ক্ষেপণাস্ত্র নয়।
গ্যাংনিউং শহরের বাসিন্দারা জানান, বুধবার ভোর একটার দিকে তারা একটি উজ্জ্বল আলো দেখতে পান ও সেইসাথে বিস্ফোরণের শব্দ শুনতে পান। এরপর কয়েক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।
আরও পড়ুন: হিমালয়ে তুষারধসে ১০ পর্বতারোহী নিহত
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে আগুনের সাথে ধোঁয়া উড়তে দেখা গেছে।
উল্লেখ্য, গত মাসে নিজেদেরকে পারমাণবিক অস্ত্র সম্পন্ন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার পর এ সপ্তাহে এ নিয়ে পাঁচটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।
একাত্তর/এসজে