রাজা চার্লসের মাথায় মুকুট উঠবে আগামী বছরের ৬ মে

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর তাঁর বড় ছেলে চার্লসকে রাজা হিসাবে ঘোষণা করা হলেও সেই সময় তার মাথায় রাজমুকুট পরানো হয়নি। আর সেই আনুষ্ঠানিকতা, অর্থাৎ রাজা চার্লসের অভিষেক হতে যাচ্ছে আগামী বছরের ৬ মে। সেদিন তার মাথায় পড়ানো হবে রাজার মুকুট। 

মঙ্গলবার বাকিংহাম প্যালেস এক বিবৃতিতে একথা জানিয়েছে। এত বলা হয়েছে, ২০২৩ সালের ৬ মে শনিবার ব্রিটেনের নতুন রাজা তৃতীয় চার্লসের রাজ্যাভিষেকের তারিখ ঠিক হয়েছে। সেদিন লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার অভিষেক অনুষ্ঠিত হবে। এদিন রানি কনসোর্ট ক্যামিলাও রাজার পাশে থাকবেন এবং ঐতিহাসিক অনুষ্ঠানে তিনিও মুকুট পরবেন।

অভিষেকের দিন অনেক আচার-অনুষ্ঠানের সাথে ব্রিটেনের নতুন এই রাজাকে সার্বভৌম হিসাবে অভিষিক্ত করা হবে এবং তার মাথায় মুকুট পরানো হবে। বাকিংহাম প্যালেস বলেছে, অভিষেক অনুষ্ঠান আমাদের নতুন রাজার ভূমিকাকে প্রতিফলিত করবে ও ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এবং একই সাথে দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রেখে জমকালো আয়োজনও থাকবে।

ব্রিটেনে নতুন রাজা বা রানির অভিষেক অনুষ্ঠানটি সাধারণত রাজা-রানির সিংহাসনে বসার কয়েক মাস পরে অনুষ্ঠিত হয়ে থাকে। এটি একটি পবিত্র এবং ধর্মীয় অনুষ্ঠান যা অ্যাংলিকান কমিউনিয়নের আধ্যাত্মিক প্রধান ক্যান্টারবারির আর্চবিশপ পরিচালনা করে থাকেন।

মূলত অভিষেক অনুষ্ঠান হলো রাজা হিসেবে চার্লসের দায়িত্ব গ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতীকী ধাপ। রাজ্যাভিষেক অনুষ্ঠানেই তিনি আনুষ্ঠানিকভাবে মুকুট পরবেন। তবে এর জন্য প্রস্তুতি নিতে হয়, তাই গত মাসে রাজা হিসেবে সিংহাসনে বসলেও এই অভিষেক অনুষ্ঠান হয়নি।

রানি এলিজাবেথ সিংহাসনে বসেছিলেন ১৯৫২ সালে, কিন্তু ১৯৫৩ সালের জুনের আগে তার অভিষেক হয়নি। গত ৯০০ বছর ধরে অভিষেক অনুষ্ঠান হয় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে। উইলিয়াম দ্যা কনকোয়ারার ছিলেন প্রথম রাজা, যার অভিষেক হয়েছিল সেখানে। 

আর চার্লস হবেন ৪০তম রাজা। মূলত মা দ্বিতীয় এলিজাবেথের মুকুট পরার প্রায় ৭০ বছর পর ২০২৩ সালের মে মাসে মাথায় মুকুট পরবেন রাজা তৃতীয় চার্লস। আর এর মাধ্যমেই নতুন এই ব্রিটিশ রাজার রাজত্বের সূচনা চিহ্নিত হবে।


একাত্তর/এসি