উ. কোরিয়াকে রুখতে যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়াকে পাশে চায় জাপান

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে সঙ্গে নিয়ে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলা করতে চায় জাপান। কিম প্রশাসনের লাগাতার ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষিতে এভাবেই জাপানের অবস্থান স্পষ্ট করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। 

মঙ্গলবার জাপানের পররাষ্ট্রমন্ত্রী হাইয়াশি ইয়োশিমাসা বলেন, উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সহ্য করা জাপানের পক্ষে সম্ভব নয়। 

হাইয়াশি আরও বলেন, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ধারাবাহিক পদক্ষেপগুলো জাপান’সহ এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।

হাইয়াশি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ সংশ্লিষ্ট প্রস্তাবগুলো পুরোপুরি বাস্তবায়নের মাধ্যমে উত্তর কোরিয়ার সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ অর্জনের লক্ষ্যের ওপর জোর দেন।

আরও পড়ুন: আগুন নিয়ে খেললে পরিণতি শুভ হবে না: কাদের

এদিকে জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে'র প্রতিবেদনে বলা হয়েছে, গেলো দুই সপ্তাহে অন্তত সাতবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। সংশ্লিষ্টদের ধারনা, ২০১৭ সালের পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর প্রস্তুতি নিচ্ছে দেশটি। 

অন্যদিকে উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত কোরীয় কেন্দ্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, গত মাসের শেষের দিক থেকে উত্তর কোরিয়ার সাতবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের ঘটনাগুলো মূলত দেশটির কৌশলগত পারমাণবিক কার্যক্রম ইউনিটের মহড়ার অংশ। 


একাত্তর/আরবিএস