ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে রাশিয়া থেকে দিল্লিগামী একটি ফ্লাইটে বোমা বিস্ফোরণের একটি হুমকিমূলক ই-মেইল সতর্কতা পাওয়া গেছে। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এনডিটিভির প্রতিবেদনে একথা বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাতে হুমকি মেইল পাওয়ার পরে নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয় এবং বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়।
কর্মকর্তারা জানান, ফ্লাইটটি পরীক্ষা করে এখন পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। তবে বিমানটিকে আলাদা করা হয়েছে।
পুলিশ জানায়, ফ্লাইটটি রাশিয়া থেকে ভোর ৩টা ২০ মিনিটে ভারতের নয়াদিল্লি বিমানবন্দরে পৌঁছায়।
একজন কর্মকর্তা জানিয়েছেন, মস্কো থেকে টার্মিনাল-৩ এ শুক্রবার ভোর ৩টা ২০ মিনিটে একটি বোমা আসার কথা ছিল। ফ্লাইট নম্বর এসইউ-২৩২ রানওয়ে ২৯-এ অবতরণ করেছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ফের গোলাগুলি, পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫
তিনি আরও জানান, ফ্লাইট থেকে মোট ৩৮৬ জন যাত্রী এবং ১৬ জন ক্রু সদস্যকে নামানো হয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
তবে এমন ঘটনা এবারই প্রথম নয়। প্রতিবেদনে বলা হয়েছে, ১০ সেপ্টেম্বর বিমানবন্দরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে বোমার হুমকির কল পাওয়ার পরে নিরাপত্তা সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছিল।
একাত্তর/এসজে