ইউক্রেনে আপাতত বড় হামলা চালাবে না রাশিয়া

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর সবচেয়ে ভয়াবহ হামলা চালানো শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আপাতত ইউক্রেনে আর বড় কোনো হামলা করার প্রয়োজন নেই। 

শুক্রবার (১৪ অক্টোবর) কাজাখস্তানের রাজধানী আস্তানায় আঞ্চলিক নেতাদের এক সম্মেলনে অংশ নেয়ার পর পুতিন বলেন, ইউক্রেনে বেশিরভাগ উদ্দিষ্ট লক্ষ্যে আঘাত করতে সক্ষম হয়েছে রাশিয়া। ইউক্রেনকে ধ্বংস করা তার উদ্দেশ্য নয় বলেও দাবি করেন তিনি। 

তবে, তিন লাখ সেনা মোতায়েন করার যে ঘোষণা তিনি দিয়েছিলেন, তা আগামী দুই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলে জানান তিনি। 

সম্মেলন শেষে পুতিন সাংবাদিকদের জানান, রাশিয়ান সেনাবাহিনীর ঠিক করা ২৯টি লক্ষ্যের মধ্যে ২২টি ধ্বংস করতে সমর্থ হয়েছে তারা। বাকি সাতটিও তারা ধ্বংস করছেন। 

পুতিন বলেন, 'বড় হামলার কোনো দরকার নেই। আমাদের এখন অন্য কাজ আছে।' 

গত সপ্তাহে ক্রিমিয়া সেতু বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালায় রাশিয়ার সেনাবাহিনী। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো রাজধানী কিয়েভের কেন্দ্রস্থলে হামলা চালানো হয়। 

'যা হচ্ছে তা মোটেও সুখকর নয়। তবে রাশিয়া আক্রমণ না করলে আমরা একই পরিস্থিতিতে থাকতাম, আর আমাদের অবস্থা আরও খারাপ হতো। সুতরাং আমরা সবকিছু ঠিকমতো এবং ঠিক সময়ে করছি', বলেন পুতিন। 

আরও পড়ুন: ইরানে পুলিশের যৌন নিপীড়নের শিকার বিক্ষোভকারী

পুতিনের এই ঘোষণা এমন সময়ে এলো, যখন ইউক্রেন আক্রমণ করার প্রায় আট মাস পর কয়েকটি এলাকা থেকে পিছু হটতে শুরু করেছে রাশিয়া। 

সম্মেলনে অন্যান্য সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোর সাথে রাশিয়ার সম্পর্কের কথা উল্লেখ করে পুতিন বলেন, যুদ্ধ তাদের সম্পর্কের বৈশিষ্ট্য ও গভীরতাকে প্রভাবিত করেনি। 

তবে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, ওই অঞ্চলে রাশিয়ার প্রভাব ধীরে ধীরে কমছে। 


একাত্তর/এসজে