যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলা, নিহত ৮

আবারো বন্দুকধারীর গুলিতে হতাহতের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক বন্দুকধারীর গুলিতে আট ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় বুধবার (২৬ মে) সকাল পৌনে ৭টার দিকে রাজ্যের সান্তা ক্লারা কাউন্টির সান হোসে শহরের একটি রেল ইয়ার্ডে এ বন্দুক হামলার ঘটনা ঘটে। পরে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে বন্দুকধারীও নিহত হয়। 

এ খবর জানা গেছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি'র এক প্রতিবেদনে।

এ ঘটনায় আট জন নিহতের খবর নিশ্চিত করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। সান্তা ক্লারা কাউন্টির শেরিফ কার্যালয় জানিয়েছে, হামলার পর নিহত হয়েছে ওই বন্দুকধারী।

কর্মকর্তারা জানিয়েছেন, নিহত ব্যক্তিদের মধ্যে রেলকর্মীরাও রয়েছেন। আর ওই বন্দুকধারী ছিলেন তাদের সাবেক সহকর্মী। তবে সে কেন এমন ঘটনা ঘটালো তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিশ্চিত হওয়া যায়নি অতীতে তার দ্বারা সহিংসতার কোনো ইতিহাসের বিষয়েও।

বন্দুক হামলায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা চলছে।

বন্দুক হামলার পরপরই ঘটনাস্থল এলাকায় সড়ক ও রেল যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়। পুরো ঘটনার বিশদ তদন্তের ঘোষণা দিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন।


একাত্তর/এসএ