সমুদ্র সীমান্তে দুই কোরিয়ার মধ্যে গুলি বিনিময়

উত্তর ও দক্ষিণ কোরিয়া তাদের সামুদ্রিক সীমান্তে সতর্কীকরণ গুলি বিনিময় করেছে। উচ্চতর সামরিক উত্তেজনার মধ্যে দেশ দু'টি একে অপরের বিরুদ্ধে সামুদ্রিক সীমানা লঙ্ঘনেরও অভিযোগ করেছে।

জাপানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে বলছে, সোমবার ভোরে দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে এ ঘটনা ঘটে। 

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার ভোরে আন্তঃকোরীয় কার্যত সামুদ্রিক সীমান্ত অতিক্রম করা উত্তর কোরিয়ার একটি জাহাজকে লক্ষ্য করে তারা সতর্কতামূলকভাবে গুলি চালিয়েছে। এর জবাবে উত্তর কোরিয়াও পাল্টা গুলি চালায়।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানায়, উত্তর কোরিয়ার একটি বাণিজ্যিক জাহাজ স্থানীয় সময় ভোররাত ৩ টা ৪২ মিনিটের দিকে পীত সাগরের পেংনিয়ং দ্বীপের প্রায় ২৭ কিলোমিটার উত্তর পশ্চিমে সীমান্তরেখা অতিক্রম করেছিল। এ সময় সতর্কতামূলক গুলি চালানোর পর জাহাজটি ওই এলাকা ছেড়ে চলে যায়।

আরও পড়ুন: ফতুল্লায় বাবা-ছেলে হত্যার প্রধান আসামি কক্সবাজারে গ্রেপ্তার

কোরীয় উপদ্বীপ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য উত্তর কোরিয়ার নিন্দা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। 

এদিকে উত্তর কোরিয়ার পিপলস আর্মির জেনারেল স্টাফের অভিযোগ, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনীর একটি জাহাজ সীমান্ত অতিক্রম করায় সোমবার ভোর সোয়া ৫টার দিকে ভূখণ্ডগত জলসীমা লক্ষ্য করে উত্তর কোরিয়ার বাহিনী একাধিক রকেট নিক্ষেপণ যন্ত্র থেকে ১০টি গোলা বর্ষণ করেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জাতিসংঘ কম্যান্ড দ্বারা প্রতিষ্ঠিত আন্তঃকোরীয় সামুদ্রিক সীমান্তকে উত্তর কোরিয়া স্বীকৃতি দেয়নি।


একাত্তর/আরবিএস