ফিলিপাইনের উত্তরাঞ্চলে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৬ জন আহত হয়েছেন এবং রাস্তাঘাটসহ কিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত ১০টা ৫৯ মিনিটে আবরা প্রদেশের ডোলোরেস শহরের কাছে এই ভূমিকম্প হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ৩৩০ কিলোমিটার দক্ষিণে রাজধানী ম্যানিলায়ও ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয়। খবর: আলজাজিরা।
ভূমিকম্পের সময় লোকজন আতঙ্কে বাড়ির বাইরে রাস্তায় বের হয়ে যান বলে জানিয়েছেন ডোলোরেস শহরের পুলিশ কর্মকর্তা জেফরি ব্লেন্স। প্রাথমিকভাবে শহরটির কিছু রাস্তাঘাট ও একটি হাসপাতালের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।
পুলিশ এবং বেসামরিক বিমান চলাচল কর্মকর্তারা জানান, ইলোকোস নর্ট প্রদেশে কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। ভূমিকম্পের মুখে বুধবার প্রাদেশিক রাজধানী লাওগের আন্তর্জাতিক বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
খবরে বলা হয়, বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কাগায়ান প্রদেশের অন্তত দুটি শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। দূরবর্তী প্রদেশেও বেশ কিছু সেতু ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এছাড়া আবরার লা পাজ শহরে একটি শতাব্দী প্রাচীন খ্রিস্টান গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, এর বেলফ্রির কিছু অংশ ভেঙে পড়েছে এবং কিছু দেয়ালে ফাটল দেখা গিয়েছে।
আরও পড়ুন: পুলিশি বাধা উপেক্ষা করে মাশা আমিনির কবরে বিক্ষোভ
ডোলোরেসের প্রায় ৬০ কিলোমিটার উত্তরে বাটাক শহরে ২০০ শয্যাবিশিষ্ট মারিয়ানো মার্কোস মেমোরিয়াল হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্ক দেখা দেয়। পরে হাসপাতালটি থেকে রোগী ও কর্মীদের সরিয়ে নেয়া হয়। তবে এখন পর্যন্ত সেখানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
একাত্তর/জো