পশ্চিমা বাণিজ্যিক স্যাটেলাইটে আক্রমণের হুমকি রাশিয়ার

ইউক্রেন যুদ্ধে পশ্চিমা দেশগুলো তাদের বাণিজ্যিক স্যাটেলাইট ব্যবহার করলে সেগুলোকে হামলার লক্ষ্যবস্তু বানানো হবে বলে সতর্ক করে দিয়েছে রাশিয়া। 

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র নিয়ন্ত্রণ বিভাগের উপ-পরিচালক কন্সটান্টিন ভরন্তসভ জাতিসংঘকে উদ্দেশ্য করে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পশ্চিমা কর্তৃত্ব বিস্তার করতে মহাকাশকে ব্যবহার করার চেষ্টা করছে। 

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইউক্রেন যুদ্ধে পশ্চিমা স্যাটেলাইট ব্যবহার করা হবে 'খুবই বিপজ্জনক প্রবণতা'। 

জাতিসংঘের ফার্স্ট কমিটির উদ্দেশ্যে ভরন্তসভ আরও বলেন, প্রতিশোধমূলক হামলা করা হলে সেক্ষেত্রে আধা-বেসামরিক অবকাঠামো বৈধ লক্ষ্যবস্তু হতে পারে। পশ্চিমাদের স্যাটেলাইট ব্যবহারকে 'উসকানিমূলক' বলে আখ্যা দেন তিনি। 

'আমরা বলছি সশস্ত্র সংঘর্ষে যুক্তরাষ্ট্র ও এর মিত্র কর্তৃক বাণিজ্যিক ও বেসামরিক মহাকাশ অবকাঠামোকে জড়ানোর কথা', বলেন তিনি। 

ভরন্তসভ কোনও নির্দিষ্ট স্যাটেলাইট কোম্পানির নাম নেননি। তবে এ মাসের শুরুতেই স্পেসএক্স সিইও ইলন মাস্ক বলেছিলেন, ইউক্রেনে বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট সেবা দিয়ে যাবে তার প্রতিষ্ঠান। 

আরও পড়ুন: তিব্বতে করোনা বিধিনিষেধের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ

উল্লেখ্য, ১৯৫৭ সালে পৃথিবীর প্রথম মানবনির্মিত স্যাটেলাইট স্পুটনিক ১ মহাশূন্যে সফলভাবে উৎক্ষেপণ করে রাশিয়া। মহাশূন্যে যাওয়া প্রথম ব্যক্তিও ছিলেন রাশিয়ান। 

যুক্তরাষ্ট্র ও চীনের মতো উল্লেখযোগ্য মহাকাশ আক্রমণ সক্ষমতা রয়েছে রাশিয়ার। গত বছর নিজেদের একটি স্যাটেলাইট ধ্বংস করতে একটি স্যাটেলাইট বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে দেশটি। 


একাত্তর/এসজে