স্বামীর ওপর সহিংস হামলার কারনে মানসিকভাবে ভেঙ্গে
পড়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। শুধু তিনি নন, তার
গোটা পরিবার ট্রমার মধ্যে রয়েছেন।
গেলো শুক্রবার সান ফ্রান্সিসকোর বাড়িতে ন্যান্সির স্বামী পল পেলোসির ওপর হাতুড়ি দিয়ে হামলা চালায় এক ব্যক্তি। ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে। তার নাম ডেভিড ডেপাপে।
হামলায় পল মাথা ও হাতে আঘাত গুরুতর পেয়েছেন। হাসপাতালে তার অস্ত্রোপচার হয়েছে। তিনি দ্রুত পুরোপুরি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকরা।
শনিবার সন্ধ্যায় টুইটারে এক চিঠি পোস্টের মাধ্যমে ন্যান্সি পেলোসি বলেছেন, আমাদের সন্তান, আমাদের নাতি নাতনিদের মন ভেঙে গেছে এবং তারা মানসিকভাবে তীব্র আঘাত পেয়েছে।
হামলার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, পুলিশ ও জরুরি সেবার সদস্যদের দ্রুত পদক্ষেপ এবং তিনি যে জীবনরক্ষাকারী চিকিৎসা সেবা পেয়েছেন সে জন্যে আমরা কৃতজ্ঞ।
আরও পড়ুন: গুজরাটে ঝুলন্ত সেতু ছিঁড়ে ৩০ জনের মৃত্যু, আহত বহু
পল পেলোসির ওপর হামলার সময়ে তিনি বাড়িতে একা ছিলেন। ন্যান্সি পেলোসি সে সময়ে কাজের সূত্রে ওয়াশিংটন ছিলেন। তিনি দ্রুত সেরে উঠছেন বলে জানান ন্যান্সি।
এদিকে আটক ডেপাপেকে কারাগারে রাখা হয়েছে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারাত্মক অস্ত্র দিয়ে হামলা, বয়স্ক ব্যক্তির সঙ্গে দুর্ব্যবহার, হুমকিসহ আরো কিছু গুরুতর অভিযোগ আনা হয়েছে।
একাত্তর/আরবিএস