বিশ্বের অন্তত ৭০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনার আগে করোনা মহামারি শেষ হবে না বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইউরোপ অঞ্চলের পরিচালক হান্স ক্লুগে। সে জন্য দ্রুতগতিতে টিকা দেওয়ার কাজ এগিয়ে নেওয়ার অনুরোধ করেছেন তিনি।
বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। শুক্রবার (২৮ মে) প্রচারিত এ সাক্ষাৎকারে ক্লুগে বলেন, মহামারি দূর করতে মানুষকে টিকা দেওয়া জরুরি। তবে ইউরোপের দেশগুলোতে টিকা দেওয়ার গতি ‘খুব ধীর’ বলে মন্তব্য করেন তিনি।
মহামারির লাগাম টানার ক্ষেত্রে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার বিভিন্ন ধরণই প্রধান উদ্বেগের বিষয় বলে তিনি মনে করেন। এক্ষেত্রে যুক্তরাজ্যের ধরণের চেয়ে ভারতীয় ধরণ বেশি সংক্রামক হওয়ার উদাহরণ টানেন তিনি।
অতিসংক্রামক এসব ধরণ করোনা মহামারি নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ তৈরি করছে বলে মনে করেন এই বেলজিয়ান চিকিৎসক। মহামারির বিরুদ্ধে লড়তে ‘দ্রুততার’ বিকল্প নেই বলেও সাক্ষাৎকারে মত দেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরিপ মতে ইউরোপ ও এশিয়ার ৫৩টি দেশের মাত্র ২৬ শতাংশ মানুষ কোভিড-১৯ টিকার প্রথম ডোজের আওতায় এসেছেন।
একাত্তর/এসজে