দখলমুক্ত খেরসনে জেলেনস্কি, যুদ্ধাপরাধের অভিযোগ

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসন থেকে রুশ সেনা প্রত্যাহারের পর প্রথমবারের মতো শহরটি পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (১৪ নভেম্বর) শহর পরিদর্শনে যান জেলেনস্কি। 

এসময় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অব্যাহত সমর্থনের জন্য ন্যাটো এবং পশ্চিমা মিত্রদের ধন্যবাদ জানিয়ে ইউক্রেনীয় সেনাদের উদ্দেশ্যে এক ভাষণে জেলেনস্কি বলেন, "আমরা এগিয়ে যাচ্ছি।"

তিনি যোগ করেন, "আমরা শান্তির জন্য প্রস্তুত, আমাদের দেশের জন্য শান্তি।"

জেলেনস্কি আরও জানান, আট মাস রাশিয়ার দখলে থাকা শহরটিতে তদন্তকারীরা ইতিমধ্যেই চারশ' টিরও বেশি যুদ্ধাপরাধের অভিযোগ নথিভুক্ত করেছে।

তিনি বলেন, শহরে বেসামরিক নাগরিক ও সেনা সদস্যদের মৃতদেহ পাওয়া গেছে। রাশিয়ান সেনারা দেশের অন্যান্য অঞ্চলে যে বর্বরতা চালিয়েছে, একই বর্বরতার ছাপ এখানেও রেখে গেছে।

এর আগে গত শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সেনাদের খেরসন’সহ দনিপ্রো নদীর পশ্চিম তীর থেকে প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে ঘোষণা করে।

এর পরপরই উচ্ছ্বাস দেখা যায় স্থানীয়দের মধ্যে। শনিবার খেরসনের একটি গ্রামে প্রবেশ করে ইউক্রেনের সেনাবাহিনী। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে স্থানীয়রা। একই চিত্র দেখা গেছে খেরসনের একাধিক গ্রামে। 

খেরসন ছিল ইউক্রেনের চারটি অঞ্চলের মধ্যে একটি, যেটিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত সেপ্টেম্বরে সংযুক্ত করার দাবি করেছিলেন। এর কয়েক সপ্তাহ পর খেরসন শহর থেকে রাশিয়ার সেনারা পিছু হটল। 


একাত্তর/আরবিএস