চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, দু’টি বড় দেশের শীর্ষ নেতৃবৃন্দ হিসেবে, আমাদের উচিত চীন-মার্কিন সম্পর্ককে স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নের পথে ফিরিয়ে আনতে সচেষ্ট হওয়া।
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিআরই জানায়, স্থানীয় সময় সোমবার বিকেলে ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বৈঠকে এসব কথা বলেন শি।
তিনি আরও বলেন, কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হবার পর বিগত ৫০ বছরে চীন-মার্কিন যৌথ প্রচেষ্টায় যেমন অনেককিছু অর্জিত হয়েছে, তেমনি অনেক জটিলতাও সৃষ্টি হয়েছে। তবে বাস্তবতা হচ্ছে, চীন-মার্কিন সম্পর্কের উন্নয়ন দু’দেশ ও দু’দেশের জনগণের জন্যই কল্যাণকর।
পরিবর্তিত পরিস্থিতিতে মানবজাতি বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, এই জটিল মুহূর্তে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সুসম্পর্ক দেখতে চায় আন্তর্জাতিক সম্প্রদায়। আজকের বৈঠক তাই বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। আমাদের উচিত বিশ্বের শান্তি ও উন্নয়নের জন্য ইতিবাচক শক্তি যোগানো।
এসময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে চীন-মার্কিন সম্পর্কের বিভিন্ন কৌশলগত দিক এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ও আঞ্চলিক ইস্যু নিয়ে মতবিনিময় করতে আগ্রাহ প্রকাশ করেন শি। দু’জনের যৌথ প্রচেষ্টায় দু’দেশের সম্পর্ক আবারও স্বাস্থ্যকর ও স্থিতিশীল উন্নয়নের পথে ফিরে আসবে এবং দু’দেশের জনগণই এতে উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৈঠকে বাইডেন বলেন, জরুরি বৈশ্বিক সমস্যাগুলোতে একসাথে কাজ করার উপায় খুঁজে বের করতে হবে। এর জন্য আমাদের পারস্পরিক সহযোগিতার প্রয়োজন।
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নে যুক্তরাষ্ট্র প্রস্তুত এমন ইঙ্গিতও দেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, তাদের একসঙ্গে কাজ করার পথ খুঁজে বের করতে হবে।
একাত্তর/আরবিএস