খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে দায়মুক্তি দিলো যুক্তরাষ্ট্র

সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দায়মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

শুক্রবার (১৮ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার ফলে এ মামলায় তিনি দায়মুক্তি পাবেন বলে আদালতে পেশ করা নথিপত্রে বলেছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট।

সৌদি সরকারের সমালোচক হিসেবে সুপরিচিত প্রবাসী সাংবাদিক জামাল খাশোগিকে ২০১৮ সালের অক্টোবরে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে হত্যা করা হয়েছিল। এর পেছনে দেশের প্রকৃত শাসক হিসেবে বিবেচিত সৌদি যুবরাজের ভূমিকা থাকার অভিযোগ রয়েছে। 

তবে সৌদি কর্তৃপক্ষ এ কথা অস্বীকার করে বলেছে, আদেশ অমান্যকারী বিপথগামী সৌদি গোয়েন্দারা নিজেরা এ জন্য দায়ী।

এক টুইটবার্তায় খাশোগির সাবেক বাগদত্তা হাতিস চেঙ্গিজ লিখেছেন, এই রায়ের সঙ্গে জামাল ‘আজ আবার মারা গেলেন। ’

হাতিস চেঙ্গিজ এবং খাশোগির প্রতিষ্ঠিত মানবাধিকার সংগঠন ডেমোক্রেসি ফর দ্য আরব ওয়ার্ল্ড নাও (ডন) মিলে তার হত্যাকাণ্ডের জন্য যুবরাজের কাছে ক্ষতিপূরণ চেয়ে যুক্তরাষ্ট্রে মামলা করেছেন। 

মামলায় সৌদি নেতা ও তার কর্মকর্তাদের বিরুদ্ধে অপহরণ, মাদক প্রয়োগ ও নির্যাতনের মাধ্যমে জামাল খাশোগিকে হত্যা করার অভিযোগ আনা হয়েছে।

আদালতে তাদের দায়ের করা অভিযোগে বলা হয়েছে, সৌদি যুবরাজ ও তার কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের বসবাসরত সাংবাদিককে অপহরণ, মাদক সেবন ও নির্যাতনের পর হত্যা করেছে।

আরও পড়ুন: সাময়িকভাবে টুইটার দপ্তর বন্ধ করে দিলেন মাস্ক

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেছেন, ‘এবার এলো অব্যাহতি পাওয়ার যোগ্যতা। এসব মিলে বিষয়টা দায়মুক্তিতেই পর্যবসিত হয়।’

তবে বাইডেন প্রশাসন গুরুত্ব দিয়ে তুলে ধরার চেষ্টা করছে যে এই দায়মুক্তির ফলে সৌদি যুবরাজ নির্দোষ প্রমাণিত হচ্ছেন না।


একাত্তর/এসজে