জেলেনস্কি জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছেন: জাপানের সাবেক পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের জনগণকে দুর্ভোগের মধ্যে ফেলেছেন বলে মন্তব্য করেছেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়োশিরো মোরি। 

একইসঙ্গে মোরি বলেছেন, জাপানের গণমাধ্যম রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ব্যাপারে খবর প্রকাশে পক্ষপাতিত্ব করছে।

বুধবার জাপানের কিওদো নিউজ এজেন্সির বরাতে পার্স জানিয়েছে, জাপানের রাজধানীর টোকিওতে এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে এসব কথা বলেন মোরি। 

তিনি বলেন, আমি একদমই বুঝতে পারছি না কেন শুধুমাত্র রাশিয়ার প্রেসিডেন্টকে সমালোচনা করা হচ্ছে যেখানে প্রেসিডেন্ট জেলেনস্কি একেবারেই ধরাছোঁয়ার বাইরে থাকছেন। এটি একটি বড় সমস্যা। বাস্তবতা হচ্ছে- ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তার দেশের জনগণকে ভোগান্তির মধ্যে ফেলেছেন।

তিনি যোগ করেন, জাপানের গণমাধ্যম একদিকে পক্ষপাতিত্ব করছে। এগুলো পশ্চিমা সংবাদ মাধ্যমের প্রভাব। আমি একথা না বলে পারছি না যে, তারা শুধু আমেরিকা এবং ইউরোপের রিপোর্টের ওপর ভিত্তি করছে।

এসময় জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার অবস্থানের সমালোচনা করে তিনি বলেন, তার এই অবস্থান একপাক্ষিক এবং আমেরিকার ব্যাপারে আগ্রহটাই বেশি।

আরও পড়ুন: ভাইরাল হতে ‘ব্যাংকে টাকা নেই’ গুজব ছড়ান সাইফুল

মোরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাশিয়া যদি খুব বাজে অবস্থায় পড়ে তাহলে পরমাণু অস্ত্রের ব্যবহার করতে পারে। গত মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন তার হাতে পরমাণু অস্ত্র ব্যবহারের ডকট্রিন রয়েছে যাতে বলা হয়েছে- রাষ্ট্রের অস্তিত্ব যদি ঝুঁকি মুখে পড়ে তাহলে পরমাণু ব্যবহার করা যাবে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলোর সঙ্গে এক কাতারে দাঁড়িয়ে জাপান মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এনিয়ে জাপান সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন দেশটি অনেক সাবেক ও বর্তমান নেতারা। 


একাত্তর/আরবিএস