যুক্তরাষ্ট্র ভ্রমণে নাগরিকদের সতর্ক করলো কানাডাসহ ৯ দেশ

যুক্তরাষ্ট্রে একের পর এক বন্দুক হামলা ও নানা সময়ে সংঘটিত সহিংস ঘটনার কারণে দেশটিতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে ৯টি দেশ। রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে। 

সিএনএন বলছে, যুক্তরাষ্ট্র গমনের পরিকল্পনাকারী নাগরিকদেরকে সতর্ক করেছে অস্ট্রেলিয়া। সতর্কবার্তায় বলা হয়েছে, অস্ট্রেলিয়ার তুলনায় যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ বেশি ঘটে এবং বন্দুক সহিংসতা যেকোনো অঞ্চলে ঘটতে পারে।

কানাডা এবং যুক্তরাজ্য উভয়ই তাদের নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে ব্যাপক বন্দুক সহিংসতার ব্যাপারে সতর্ক করেছে। যুক্তরাজ্য তার নাগরিকদেরকে রাতে জনমানবহীন এলাকায় একা না-চলার পরামর্শ দিয়েছে।

এছাড়া জার্মানি তার নাগরিকদেরকে স্মরণ করিয়ে দিয়েছে যে, করোনা মহামারী চলাকালে যুক্তরাষ্ট্রে অস্ত্র ও গোলাবারুদ ক্রয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। বর্ণবাদ নিয়ে মার্কিন পুলিশের সাথে সংঘর্ষের সম্ভাবনা সম্পর্কেও তাদের নাগরিকদেরকে সতর্ক করেছে জার্মানি।

আরেক মার্কিন মিত্র জাপান তার নাগরিকদেরকে সতর্ক করে বলেছে, বন্দুক সহিংসতা যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান নিরাপত্তা উদ্বেগ এবং যুক্তরাষ্ট্র ভ্রমণকারীদেরকে সম্ভাব্য গুলির ঘটনা কিভাবে এড়ানো যায় সে বিষয়েও পরামর্শ দিয়েছে।


তাছাড়া, ইসরাইল, ফ্রান্স, মেক্সিকো এবং নিউজিল্যান্ডের মতো দেশগুলো যুক্তরাষ্ট্রের ব্যাপারে বিভিন্ন মাত্রার ভ্রমণ সতর্কতা জারি করেছে এবং সতর্কবার্তায় যুক্তরাষ্ট্রের অপরাধের বিষয়গুলো উল্লেখ করেছে।

আরও পড়ুন: বিএনপি’র সমাবেশে যাবার পথে হামলার শিকার সাবেক এমপির মৃত্যু

মার্কিন ‘গান ভায়োলেন্স আর্কাইভস’ ওয়েবসাইটের পরিসংখ্যান অনুসারে, গত ২৬ নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলতি বছর ৬১৩টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসময় প্রত্যেক ঘটনায় কমপক্ষে চার জন হতাহত হয়েছে এবং সর্বমোট ৪০ হাজার ৫৭ জন বন্দুক সহিংসতায় প্রাণ হারিয়েছে।


একাত্তর/আরবিএস