রাশিয়ার ৬০টির বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি ইউক্রেনের

ইউক্রনের একাধিক স্থাপনা লক্ষ্য করে সোমবার অন্তত ৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া, যার মধ্যে ৬০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে দাবি কিয়েভের। 

ইউক্রেনের বিমান বাহিনীর বরাতে বার্তা সংস্থা রইটার্স জানায়, সোমবার দিনভর দেশটির বিভিন্ন স্থানে এসব ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মস্কো। বিশেষ করে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর এসব হামলা চালানো হয়। এতে দেশটির অনেক বিদ্যুৎকেন্দ্র ধ্বংস হয়েছে এবং দুই ব্যক্তি নিহত হয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ স্টাফ আনদ্রি ইয়ারমাক এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিন বিমান হামলার সতর্কবার্তার পরপরই অনেক মানুষ দ্রুত কেন্দ্রীয় জোলোটি ভোরোটা মেট্রো স্টেশনে ভরে যায়। যদিও কিয়েভ বা এর আশেপাশের অঞ্চলে আঘাতের কোনো তাৎক্ষণিক লক্ষণ ছিল না।

অন্যদিকে প্রেসিডেন্ট জেলেনস্কি দেশের জনগণকে বলেছেন, তাদের সেনাবাহিনী রাশিয়ার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে।

যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো।  

আরও পড়ুন: ১০ ডিসেম্বরের সমাবেশ আরামবাগে, প্রস্তাব বিএনপি’র

এর আগে গত অক্টোবর থেকে মস্কো ইউক্রেনের জ্বালানি ও বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে। 

ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি ইউক্রেনার্জো জানিয়েছে, গতকালের হামলায় দেশের বেশিরভাগ জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো আঘাতপ্রাপ্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি। 


একাত্তর/আরবিএস