রুশ বিমানঘাঁটিতে ড্রোন হামলায় তিনজন নিহত

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার একটি বিমানঘাঁটিতে তিনজন নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। 

স্থানীয় সময় সোমবার (২৬ ডিসেম্বর) রাত দেড়টার দিকে সারাতোভ অঞ্চলের এঙ্গেলস বিমানঘাঁটিতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। 

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে ভূপাতিত করতে সক্ষম হলেও এর ফলে সৃষ্ট ধ্বংসস্তূপের আঘাতে তিন রাশিয়ান কর্মীর মৃত্যু হয়েছে বলে জানায় তারা। 

গত ৫ ডিসেম্বর ইউক্রেন এ বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল বলে অভিযোগ করেছে রাশিয়া। ইউক্রেন সীমান্ত থেকে ৫০০ কিলোমিটার উত্তর-পূর্বে এঙ্গেলস বিমানঘাঁটি অবস্থিত। 

তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি ইউক্রেনের সেনাবাহিনী। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে বিস্ফোরণের আওয়াজ ও এঙ্গেলস ঘাঁটিতে সাইরেন বাজার শব্দ পাওয়া গেছে। তবে এঙ্গেলস শহরের বাসিন্দারা কোনও প্রকার ঝুঁকিতে নেই বলে আশ্বস্ত করেছেন সারাতোভ অঞ্চলের গভর্নর। 

এর আগে ৫ ডিসেম্বর এঙ্গেলস বিমানঘাঁটি ও রিয়াজান অঞ্চলের আরেকটি বিমানঘাঁটিতে ভূপাতিত ইউক্রেনীয় ড্রোনের ধ্বংসস্তূপের আঘাতে তিনজন নিহত হওয়ার কথা জানিয়েছিল রাশিয়া। সেই হামলায় দুটি বিমান সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছিলো। সেই হামলার ব্যাপারেও এখন পর্যন্ত কোনও মন্তব্য করেনি কিয়েভ। 

আরও পড়ুন: বাংলাদেশ থেকে যাওয়া ১৮০ রোহিঙ্গার সাগরে মৃত্যুর আশঙ্কা

যুদ্ধ শুরুর পর রাশিয়া এঙ্গেলস বিমানঘাঁটি থেকে ইউক্রেনে বিভিন্ন লক্ষ্যস্থলে মিসাইল আক্রমণ চালিয়ে আসছে বলে অভিযোগ রয়েছে। 

এর আগেও ক্রেমলিন ইউক্রেনের বিরুদ্ধে রুশ অঞ্চলে আক্রমণের অভিযোগ করলেও, সাম্প্রতিক হামলাগুলো রাশিয়ার অনেক গভীরে চালানো হয়েছে। 


একাত্তর/এসজে