শ্রেণীকক্ষে শিক্ষককে গুলি করে আটক শিশু শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে শ্রেণীকক্ষে শিক্ষককে গুলি করার পর আটক করা হয়েছে ছয় বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই নারী শিক্ষককে। 

স্থানীয় সময় শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর দুইটার দিকে নিউপোর্টের রিচনেক এলিমেন্টারি স্কুলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

নিউপোর্টের পুলিশ প্রধান স্টিভ ড্রু জানান, শিশুটি কীভাবে বন্দুক পেলো সেটি এখনও স্পষ্ট নয়। তবে এটি নিছক 'দুর্ঘটনা' নয় বলে জানিয়েছেন তিনি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই শিক্ষক ও প্রথম শ্রেণির ওই শিক্ষার্থীর মধ্যে কথা কাটাকাটির পর এই ঘটনা ঘটে। আহত শিক্ষক হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। 

তবে এটিকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আশ্বস্ত করে ড্রু জানিয়েছেন, 'স্কুলের ভেতরে কেউ বন্দুক নিয়ে গোলাগুলি করার মতো পরিস্থিতি নয় এটি'। 

এদিকে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটিতে ধাতব বস্তু শনাক্তকরণ ব্যবস্থা রয়েছে এবং শিক্ষার্থীদেরকে দৈবচয়নের মাধ্যমে চেক করা হয়। স্কুলটিতে প্রায় ৫৫০ জন শিক্ষার্থী রয়েছে। 

আরও পড়ুন: এল চ্যাপোর ছেলেকে গ্রেপ্তারের অভিযানে ২৯ জন নিহত

এ ঘটনায় ব্যবহৃত অস্ত্রের নাম জানাতে রাজি না হলেও সেটি একটি হ্যান্ডগান ছিল বলে জানিয়েছে পুলিশ। 

এ ঘটনার পেছনে কী কারণ থাকতে পারে তা কর্মকর্তারা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন স্কুল ডিসট্রিক্টের প্রধান ড. জর্জ পার্কার। 


একাত্তর/এসজে