বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা এলাকায় কিভাবে নির্বাচন আয়োজন করা যায়, তা নিয়ে পথ বের করতে তিনটি জাতিগত সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে আলোচনা করেছে মিয়ানমারের জান্তা সরকার। একটি সশস্ত্র গোষ্ঠীর মুখপাত্র এ তথ্য জানান।
মিয়ানমারের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট জানায়, রাজধানী নেপিদোতে শান স্টেট প্রোগ্রেস পার্টি , ইউনাইটেড ওয়া স্টেট পার্টি ও ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মির নেতাদের সঙ্গে তিন দিনের আলোচনায় বসেছে জান্তা সরকারের প্রতিনিধিরা।
২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের পর থেকেই এসব সশস্ত্র গোষ্ঠীগুলো জান্তা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে আসছে। এর আগে গত বছরের ডিসেম্বরেও পাঁচটি ছোট জাতিগত বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে আলোচনায় বসে মিয়ানমারের সামরিক বাহিনী।
সামরিক অভ্যুত্থানের পর সংশ্লিষ্ট দেশের সামরিক শাসক সাধারণ নির্বাচন আয়োজনকে পরিস্থিতি স্বাভাবিক দেখানোর কৌশল হিসেবে ব্যবহার করছে বলে মনে করা হচ্ছে। গত মাসে পাঁচটি ছোট জাতিগত বিদ্রোহী সংগঠনের সঙ্গে নির্বাচন আয়োজন নিয়ে বৈঠক করে জান্তা। সংগঠনগুলো বৈঠকের পর নির্বাচন আয়োজনের বিষয়ে তাদের সম্মতির কথা জানায়।
বুধবার মিয়ানমারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের সময় সামরিক বাহিনীর প্রধান জেনারেল মিন অং হ্লাইং নির্বাচনের ব্যাপারে দৃঢ় লক্ষ্যের কথা জানান। তবে ওই দিন এ নিয়ে বিস্তারিত কোনো পরিকল্পনা তিনি প্রকাশ করেননি।
জাতিগত সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের ব্যাপারে মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যমে শুক্রবার বলা হয়েছে, রাজধানী নেপিডোয় সংগঠনগুলোর সঙ্গে তিন দিন ধরে আলোচনা হয়েছে। মিয়ানমারের জান্তা গত দুই বছরে দেশে কোনো কার্যকর ভিন্নমত বা প্রতিপক্ষকে দাঁড়াতে দেয়নি।
একাত্তর/এসজে