ইউক্রেনের সেনাদেরকে মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট মোতায়েন ও পরিচালনার প্রশিক্ষণ দেবে যুক্তরাষ্ট্র। পাশপাশি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ব্যবহার করার জন্য ইউক্রেনকে প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহেরও প্রতিশ্রুতি দিয়েছে ওয়াশিংটন।
সংবাদমাধ্যম সিএনএন ও পার্সটুডে'র খবরে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশিচত করেন।
প্যাট রাইডার বলেন, আগামী সপ্তাহ থেকে ওকলাহোমা অঙ্গরাজ্যের ফোর্ট সিলে ইউক্রেনের সেনাদেরকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার প্রশিক্ষণ দেয়ার কাজ শুরু হবে।
এই ব্যবস্থা কিভাবে পরিচালনা, রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণ করতে হয় সে বিষয়েও ইউক্রেনের মোটামুটি ৯০ থেকে ১০০ সেনাকে প্রশিক্ষণ দেয়া হবে। আগামী কয়েক মাস ধরে এ প্রশিক্ষণ চলবে বলে জানান তিনি।
এর আগে গত বছরের ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করার পর থেকেই রুশ বিমান হামলা প্রতিহত করতে ওয়াশিংটনের কাছে প্যাট্রিয়ট ব্যবস্থা চেয়ে আসছিল জেলেনস্কি প্রশাসন।
এতদিন ধরে ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র দিয়ে আসলেও প্যাট্রিয়ট দিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল বাইডেন সরকার।
আরও পড়ুন: শ্রীপুরে মোজা কারখানায় আগুন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণে
সবশেষ গতমাসে কিয়েভকে একটি প্যাট্রিয়ট দিতে রাজি হয় যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, এই ব্যবস্থা প্রাথমিকভাবে শুধু যুদ্ধবিমান প্রতিহত করার কাজে তৈরি করা হলেও ১৯৮০’র দশকে এটিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার উপযোগী করা হয়। এটি ইউক্রেন যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে পারে এমনটাই দাবি কিয়েভের।
একাত্তর/আরবিএস