মহামারী করোনায় সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে আক্রান্ত ও মৃতের সংখ্যা যেন কিছুতেই দমানো যাচ্ছে না। ইতিমধ্যেই ধসের সমুখে দাঁড়িয়ে ছিল দেশটির চিকিৎসাখাত। এমতবস্থায় নতুন করে একযোগে তিনি হাজার তরুণ চিকিৎসকের পদত্যাগ ভারতের কোভিড সর্বনাশের পালে যেন আরেকটু দমকা হাওয়া লাগিয়ে গেল।
সবচেয়ে ক্রমবর্ধমান সংক্রমণের দেশটিতে সরকারের প্রতিরোধ কার্যক্রম বা জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতার উদ্যোগ নেই করোনা নিয়ে। ফলে পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বিশেষজ্ঞদের মতে, ভারতে সরকারিভাবে মৃত্যুর যে সংখ্যা প্রকাশ করা হচ্ছে, প্রকৃত সংখ্যা তার চেয়ে বেশ কয়েকগুণ বেশি। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটির মধ্যপ্রদেশের প্রায় তিন হাজার জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন।
করোনা আক্রান্ত হলে নিজেরসহ পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া, বৃত্তি বাড়ানোসহ কয়েক দফা দাবিতে ধর্মঘট ডাকেন ভারতের মধ্যপ্রদেশের চিকিৎসকরা।
মহামারীর এমন জরুরী পরিস্থিতিতে হাইকোর্ট তরুণ চিকিৎসকদের এই ধর্মঘটকে অবৈধ ঘোষণা করে। প্রতিবাদে রাজ্যটির ছয়টি হাসপাতালের তিন হাজার নবীন ডাক্তার একযোগে পদত্যাগ করেছেন।
সোমবার ধর্মঘট শুরুর পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের হাইকোর্ট বলেন, চিকিৎসকদের এই ধর্মঘট অবৈধ। ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ দেয়ার নির্দেশ দেন হাইকোর্ট।
এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় নবীন চিকিৎসকদের সংগঠন-মধ্যপ্রদেশ জুনিয়র ডক্টর এসোসিয়েশন। এরপর শুক্রবার সন্ধ্যায় রাজ্যের ছয় হাসপাতালের প্রায় তিন হাজার নবীন চিকিৎসক একযোগে পদত্যাগ করেন।
আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
সংগঠনের সম্পাদক অঙ্কিতা ত্রিপাঠীর বলেন ‘‘সরকার এখনও আমাদের দাবি মেনে নেয়নি। কেবল আশ্বাস দিয়েছে মাত্র। তাই এখনই আমরা ধর্মঘট তুলছি না।’’ তিনি আরও অভিযোগ করেছেন, পুলিশ নাকি তাঁদের সংগঠনের সদস্যদের বাড়িতে গিয়ে ধর্মঘট তুলে নেওয়ার আবেদন জানিয়েছে।
অঙ্কিতা বলেন, ‘‘সরকার বলছে জুনিয়র ডাক্তাররা নাকি ব্ল্যাকমেল করছে। এটা ঠিক কথা নয়। আমরা যদি ব্ল্যাকমেলই করতাম, তাহলে রোগীর সংখ্যা কমছে কী করে?’’
এদিকে ডাক্তারদের এই ধর্মঘটে অত্যন্ত ক্ষুব্ধ শিবরাজ সিং চৌহান সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং জানিয়েছেন, যেভাবে দলবদ্ধ ভাবে পদত্যাগ করতে শুরু করেছেন ডাক্তাররা তা অত্যন্ত নিন্দনীয়। এবং এটা ডাক্তারদের একগুঁয়ে মনোভাবেরই পরিচায়ক।
একাত্তর/এসএ