দুই যুবককে গুলি করে হত্যা করলো ইসরাইলি বাহিনী

ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরের কাছে একটি গ্রামে অভিযানের সময় ইসরাইলি সেনারা দুই ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা করেছে। 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, শনিবার জেনিনের দক্ষিণের জাবা গ্রামে ইসরাইলি আগ্রাসনের সময় দুই ব্যক্তি- ইজ্জেদিন বাসেম হামামারেহ (২৪) এবং আমজাদ আদনান খালিলিয়াহ (২৩) নিহত হয়েছেন।

অন্যদিকে পশ্চিম তীরের উত্তর অঞ্চলে ইসরাইলি সেনাদের হামলায় আহত আরও এক তরুণের মৃত্যু হয়েছে। জানা যায়, জানুয়ারির ২ তারিখে ইসরাইলি সেনাদের গুলিতে আহত হয়েছিলেন তিনি। 

ফিলিস্তিনের নিরাপত্তা সূত্র ওয়াফা বার্তা সংস্থাকে জানিয়েছে, ইসরাইলি সেনারা জাবার প্রবেশ মুখে একটি গাড়ি লক্ষ্য করে ব্যাপকভাবে গুলি চালায় এবং এতে ওই দুই তরুণ নিহত হন।

এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইসরাইলের সেনাবাহিনী। 

এদিকে ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপ বলেছে, হামামারেহ এবং খলিলিয়াহ তাদের দলের সদস্য। 

এক বিবৃতিতে গ্রুপটি এই হত্যাকাণ্ডের নিন্দা করেছে এবং এই দুই ব্যক্তিকে "বীর শহীদ" হিসেবে বলে বর্ণনা করেছে।

সম্প্রতি পশ্চিমতীরের শরণার্থী শিবিরগুলোতে অভিযান জোরদার করেছে ইসরাইলি সেনারা। অঞ্চলটির নিরাপত্তা নিশ্চিত করতেই এসব অভিযান, এমনটাই দাবি তাদের।

অন্যদিকে ফিলিস্তিনের অভিযোগ, শরণার্থী শিবিরগুলোতে থাকা সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইহুদীবাদী দেশটি। 


একাত্তর/আরবিএস