যুদ্ধ শুরুর আগে গোপনে কিয়েভ গিয়েছিলেন সিআইএ প্রধান

ইউক্রেন যুদ্ধ শুরুর আগে এক গোপন সফরে কিয়েভে গিয়েছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস, সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

নিউইয়র্কভিত্তিক পত্রিকা বিজনেস ইনসাইডার সোমবার এক প্রতিবেদনে জানায়, বার্নস ওই সফরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে জানান যে, রাশিয়া তাকে (জেলেনস্কিকে) হত্যা করার পরিকল্পনা করেছে।

যদিও ২০২২ সালের জানুয়ারি মাসে মার্কিন সরকারের এই গোয়েন্দা রিপোর্টের সত্যতা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন জেলেনস্কি এবং যুক্তরাষ্ট্রের ওই ধারনাও নাকচ করে দিয়েছিলেন তিনি। 

রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালাতে চায়, এ বিষয়েও যুক্তরাষ্ট্রের সাথে দ্বিমত ছিল ইউক্রেন সরকারের। 

এমনকি ‘আতঙ্ক ছড়ানোর’ জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিযুক্তও করেছিলেন জেলেনস্কি।

সিআইএ প্রধান উইলিয়াম বার্নস

বিজনেস ইনসাইডারের দাবি, ওই গোপন সফরে সিআইএ’র পরিচালক ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করেছিলেন। 

তিনি বলেছিলেন, রাশিয়ার বিশেষ বাহিনী জেলেনস্কিকে হত্যা করতে আসছে। এ সংক্রান্ত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের বিস্তারিত জেলেনস্কিকে জানানোর জন্য প্রেসিডেন্ট বাইডেন বার্নসকে কিয়েভে পাঠিয়েছিলেন বলে নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ক্রিস হুইপেল জানিয়েছেন।

সবশেষ ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে ইউক্রেনের অন্তর্ভুক্তি প্রতিহত করতে এবং দেশটিকে নাৎসিমুক্ত করার লক্ষ্যে রাশিয়া বিশেষ সামরিক অভিযান শুরু করে। 

ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত ইউক্রেনের প্রেসিডেন্ট অন্তত এক ডজন হত্যা প্রচেষ্টা থেকে প্রাণে বেঁচে গেছেন বলে দাবি কিয়েভের।

অন্যদিকে রাশিয়া বলছে, ন্যাটো সামরিক জোটের ষড়যন্ত্র থেকে রক্ষা পেতেই ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানো হয়েছে। রাশিয়ার জনগণকে রক্ষা করতেই এ পথে হেঁটেছে পুতিন সরকার।

উল্লেখ্য, সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি, যা সিআইএ নামেও পরিচিত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা। এটি একটি স্বাধীন সংস্থা, যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চপদস্থ নীতিনির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা। তবে বিশ্বের নানা দেশে ঘটা সহিংসতায় সংস্থাটি সরাসরি জড়িত বলে একাধিক অভিযোগ রয়েছে।   


একাত্তর/আরবিএস