পশ্চিমবঙ্গের জনপ্রিয় লেখক সুজন দাশগুপ্তের মরদেহ তার কলকাতার বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে তার দক্ষিণ কলকাতার বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
একেন বাবু সিরিজের এই স্রষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রে থাকতেন এবং তার সিনেমার প্রিমিয়ারের জন্য কলকাতায় এসেছিলেন। একেন বাবু সিরিজটি থেকে সম্প্রতি ওটিটি ওয়েব সিরিজ এবং চলচ্চিত্র নির্মিত হওয়ার পরে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
ঘটনার সময় তার বাড়িতে কেউ ছিল না। লেখকের স্ত্রী শান্তিনিকেতনে বেড়াতে গিয়েছিলেন এবং তার মেয়ে আমেরিকায় থাকেন।
বুধবার সকালে লেখকের গৃহকর্মী বাড়িতে আসেন। কোনো সাড়া না পেয়ে ওই নারী নিরাপত্তারক্ষীদের ডাকেন তবে তারাও দরজা খুলতে ব্যর্থ হন।
অবশেষে সুজন দাশগুপ্তের শ্যালক ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। সকাল ১০টার দিকে দরজা ভেঙে ভেতরে ঢুকে লেখকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভেঙে দেয়া হলো পাকিস্তানের আরও একটি প্রাদেশিক পরিষদ
সুজন দাশগুপ্ত কিছু স্বাস্থ্যবিষয়ক সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে। এখন পর্যন্ত তার মৃত্যুর পেছনে কোনো অস্বাভাবিক কারণ খুঁজে পাওয়া যায়নি।
সুজন দাশগুপ্ত একেন বাবু সিরিজ ছাড়াও বেশ কিছু বই লিখেছেন, যার মধ্যে রয়েছে ম্যানহাটনে ম্যানহান্ট ও শান্তিনিকেতনে অশান্তি।
একাত্তর/এসজে