বিশ্বব্যাপী করোনাভাইরাসে সংক্রমণ ৯ শতাংশ কমেছে এবং মৃত্যু এক শতাংশেরও কম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শুক্রবার (২০ জানুয়ারি) সাপ্তাহিক বুলেটিনে ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত করোনাভাইরাসে সংক্রমণ ও মৃত্যু পর্যালোচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য জানায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এ সময়ে সংক্রমণ ৯ শতাংশ হ্রাস পেয়েছে এবং মৃত্যু এক শতাংশেরও কম বৃদ্ধি পেয়েছে।
সংস্থার কোভিড-১৯ সাপ্তাহিক এপিডেমিওলজিক্যাল আপডেট অনুসারে, ৯ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সংস্থার হিসেবে মোট ২৭ লাখ ৫৪ হাজার ৪৪৫ জন আক্রান্ত হয়েছেন এবং ১২ হাজার ৯২৩ জনের মৃত্যু হয়েছে। গত সপ্তাহে নথিভুক্ত করা নতুন সংক্রমণের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক রয়েছে জাপানে ১০ লাখ ২৫ হাজার ৩২১ জন, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে ৪ লাখ ১৫ হাজার ৮৬৪ জন, দক্ষিণ কোরিয়ায় ২ লাখ ৮৬ হাজার ২৯১ জন, অস্ট্রেলিয়ায় ১ লাখ ৯১ হাজার ৭৫০ জন এবং চীনে ১ লাখ ৯০ হাজার ৪৫১ জন।
হিসেব অনুযায়ী, এ সময়ে সবচেয়ে বেশি সংখ্যক মৃত্যু যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৯২২ জন, তারপরে জাপানে ২ হাজার ৮৪৯ জন, চীনে ৮০২ জন ও অস্ট্রেলিয়ায় ৭৪২ জন।
২-৮ জানুয়ারি পূর্ববর্তী সাত দিনের তুলনায় পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায় সংক্রমণ ৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। তবে সংক্রমণ কমেছে আফ্রিকায় ৪০ শতাংশের নিচে, ইউরোপে ৩৫ শতাংশের নিচে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৭ শতাংশের নিচে এবং আমেরিকায় ১২ শতাংশের নিচে।
আরও পড়ুন: কঙ্গোতে নৌকা ডুবে ১৪৫ জনের মৃত্যুর আশঙ্কা
নতুন সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা হ্রাস পেয়েছে ইউরোপে ৪০ শতাংশের নীচে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ায় ১৩ শতাংশের নীচে, বৃদ্ধি পেয়েছে পশ্চিম প্যাসিফিকে ৪৩ শতাংশের ওপরে, আমেরিকায় ১০ শতাংশের ওপরে এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ৯ শতাংশ।
একাত্তর/জো