সিটবেল্ট না পরায় ব্রিটিশ প্রধানমন্ত্রীকে জরিমানা

চলন্ত গাড়িতে সিটবেল্ট না পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য ভিডিও ধারণের দায়ে জরিমানা করা হয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে। 

শনিবার (২১ জানুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ৪২ বছর বয়সী এক ব্যক্তিকে শর্তসাপেক্ষে জরিমানা করার প্রস্তাব দেয়া হয়েছে। 

১০ নং ডাউনিং স্ট্রিট বলছে, সুনাক 'এটি একটি ভুল ছিল তা সম্পূর্ণরূপে স্বীকার করেছেন এবং ক্ষমা চেয়েছেন'। তিনি জরিমানার অর্থ পরিশোধ করবেন বলেও জানিয়েছে তারা। 

ব্রিটেনে সিটবেল্ট না পরলে যাত্রীদের ১০০ পাউন্ড জরিমানা করা হতে পারে। মামলাটি আদালতে গেলে এর পরিমাণ বেড়ে ৫০০ পাউন্ড হতে পারে।

ভিডিওটি যখন ধারণ করা হয়েছিল তখন সুনাক উত্তর ইংল্যান্ড সফরের সময় ল্যাঙ্কাশায়ারে ছিলেন। 

ভিডিওটি সরকারের সর্বশেষ রাউন্ডের 'লেভেলিং আপ' ব্যয়ের প্রচারের জন্য সুনাকের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করা হয়।

আরও পড়ুন: নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিনস

সরকারে থাকাকালীন সুনাক এই দ্বিতীয়বার জরিমানার নোটিশ পেয়েছেন।

২০২০ সালের জুনে ডাউনিং স্ট্রিটে তৎকালীন প্রধানমন্ত্রীর জন্মদিনের পার্টিতে যোগ দেয়ায় গত এপ্রিলে তাকে জরিমানা করা হয়েছিল।


একাত্তর/এসজে