মোগাদিসুতে আল-শাবাবের বোমা হামলায় নিহত পাঁচ

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি সরকারি ভবনে বোমা হামলায় কমপক্ষে পাঁচ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির তথ্য মন্ত্রণালয়। 

রোববার (২২ জানুয়ারি) মোগাদিসুর মেয়রের কার্যালয় অবস্থিত ব্লকে আল-শাবাব সশস্ত্র গোষ্ঠীর হামলা চালায়। এসময় তারা নিরাপত্তা বাহিনীর সাথে গোলাগুলিতে লিপ্ত হয়। 

আল-শাবাব এক বিবৃতিতে বলেছে, তাদের বোমারুরা প্রথমে আঘাত করে ও 'তারপর নিরাপত্তারক্ষীদের হত্যা করার পর পদাতিক যোদ্ধারা ভবনে প্রবেশ করে'।

এ হামলায় ১৬ জন আহত হয়েছেন বলে আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের পরিচালক আবদিকাদির আবদিরহমান জানিয়েছেন।

দেশটির নিরাপত্তা বাহিনী তাদের ফেসবুক পেজে জানিয়েছে, তারা সশস্ত্র গোষ্ঠীর ছয় সদস্যকে হত্যা করে এবং সন্ধ্যা ৬টার মধ্যে এলাকাটি পরিষ্কার করে ফেলে। 

আরও পড়ুন: সিরিয়ায় মার্কিন অভিযানে তিন আইএস জঙ্গি গ্রেপ্তার

সোমালিয়ায় গত আগস্টে প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদের সরকার আল-কায়েদা-সংশ্লিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শুরু করার পর থেকে আল-শাবাব হামলার মাত্রা বাড়িয়েছে।

আল-শাবাব সশস্ত্র গোষ্ঠী ২০০৬ সাল থেকে মোগাদিসুর সরকারের বিরুদ্ধে লড়াই করছে এবং ইসলামিক আইনের নিজস্ব ব্যাখ্যা চাপিয়ে দিতে চাইছে। তারা প্রায়শই সারাদেশে বোমা হামলা এবং বন্দুক হামলা চালায়।


একাত্তর/এসজে